বেলকুচি উপজেলার কামারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ এক যুবকের লাশ উদ্ধার করেছে। নিহত সবুজ মণ্ডল (২৪) এই গ্রামের কাদের মণ্ডলের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে সবুজ রাতের খাবার খেয়ে বাইরে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। ভোর রাতের দিকে তার স্ত্রী স্বপ্না খাতুন ঘরের দুয়ারের কাছে তাকে পড়ে থাকতে দেখে চিত্কার দেয়। চিত্কার শুনে বাড়ির অন্যরা এসে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে থানায় খবর দিলে রবিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ ব্যাপারে নিহতের পিতা কাদের মণ্ডল থানায় হত্যা মামলা করেছেন। বেলকুচি থানার ওসি জানান, হত্যার কোন আলামত পাওয়া যায়নি। ময়না তদন্ত রিপোর্ট পাবার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
