বরিশালের বানারীপাড়ার দিন-মজুর কন্যা সালমা পেয়েছে জিপিএ-৫। ঝিনাইদহের কালীগঞ্জে পিতার সাথে রাজমিস্ত্রির কাজ করে গোল্ডেন জিপিএ পাওয়া জালাল ডাক্তার হতে চায়। চাটমোহরের দিনমজুর আলমাসের শিক্ষাজীবন অনিশ্চিত। বড়ভাইয়ের পরিশ্রমের সার্থকতা এনেছে কাউনিয়ার দুলাল। আর কুষ্টিয়ার কুমারখালীর বেনেতী দোকানী ফিরোজ আহমেদ শুভ গোল্ডেন জিপিএ-৫ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। এ যেন আঁঁধার ঘরে চাঁদের আলো। এসব মেধাবী মুখের খবর তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ও সংবাদদাতারা।
বানারীপাড়া(বরিশাল)
বানারীপাড়ার সালমা ঠিকমত তিনবেলা খেতে, প্রাইভেট ও ভাল পোশাক পরতে না পারলেও অদম্য ইচ্ছা শক্তি ও নিরলস অধ্যবসায় তাকে সাফল্যের শিখরে পৌঁছাতে সহায়তা করেছে। উপজেলার ধারালিয়া গ্রামের দিনমজুর মোঃ শাহজাহানের একমাত্র মেয়ে সালমা খানম স্থানীয় সৈয়দ বজলুল হক মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন এ প্লাস পেয়ে রীতিমত চমক সৃষ্টি করেছে। তবে এই কৃতিত্বের পরও অভাব-অনটনের কারণে ভবিষ্যত্ উচ্চশিক্ষার ধাপগুলো পেরোনোর দুর্ভাবনায় তার মুখে হাসি নেই, দু’চোখে ঘোর অন্ধকার। সালমার দরিদ্র পিতা-মাতা মেয়েকে চিকিত্সক বানাতে চান।
কালীগঞ্জ (ঝিনাইদহ)
পিতার সাথে রাজমিস্ত্রির কাজ করে আবুল কাশেম বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে জালালউদ্দীন। সে উপজেলার সিংদহ গ্রামের রাজমিস্ত্রির জোগাল ও হামিদা বেগমের ছেলে। ঝিনাইদহের কেবি মাধ্যমিক বিদ্যালয়, রামনগর থেকে কৃতিত্বপূর্ণ এই ফলাফল করে শিক্ষকসহ এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে জালালউদ্দীন। হতদরিদ্র পরিবারের সন্তান জালাল ভবিষ্যতে ডাক্তার হতে চায়। কিন্তু আর্থিক অভাব-অনটনের কারণে তার লেখাপড়া অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
চাটমোহর (পাবনা)
চাটমোহরের দরিদ্র রিকশাচালক বাবার সন্তান আলমাস হোসেন দিনমজুর। চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে টিকে থাকতে হচ্ছে ওদের। তারপরও দমে যায়নি। শত বাধা পেরিয়ে এগিয়ে চলেছে সামনে। দিনমজুরি করে পড়ালেখা করতে হয়েছে তাকে। শত অভাবের মধ্যেও এবারের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। ভালো ফল করার পরও শুধু টাকার অভাবে অনিশ্চিত হয়ে পড়েছে তার শিক্ষাজীবন। আলমাস ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়।
কাউনিয়া (রংপুর)
ছোটবেলায় মা মারা গেছেন, বাবা দ্বিতীয় বিয়ে করে অন্যত্রে বসবাস, বড়ভাই রিকশাচালক। নতুন মলাটের বই কেমন সে চোখে দেখেনি। এই অভাবের সংসারেও এবছর বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে দুলাল মিয়া। দুলাল বলেন, বড়ভাই সারাদিন রিকশা চালিয়ে যে টাকা পান সেটা দিয়েই চলে সংসার। তাই মাঝে-মধ্যে সে ২/১টা ছাত্রকে প্রাইভেট পড়িয়ে সেখান থেকে যে টাকা পেত তা দিয়ে খাতা কিনতো। নতুন বই বা গাইড বই কি জিনিস সে দেখেনি। তার ইচ্ছে পড়ালেখা শেষ করে বুয়েট ইঞ্জিনিয়ার হবে। সমাজের বিত্তবানরা যদি তাকে সাহায্য-সহযোগিতা করে তাহলে হয়তো তার মনের আশা পূর্ণ হবে।
কুমারখালি(কুষ্টিয়া)
উপজেলার মহেন্দ্রপুর গ্রামের বেনেতী দোকানী ফিরোজ আহমেদ শুভ জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে। কুমারখালি এম এন মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী এই শিক্ষার্থী প্রতিদিন স্কুলের সময় হলে নিজের বেনেতী দোকান বন্ধ করে বাই-সাইকেল চালিয়ে গ্রাম থেকে শহরের স্কুলে আসতো লেখাপড়া করতে। স্কুল থেকে বাড়ি ফিরে দোকানদারীসহ দোকানের মালামাল ক্রয় করতে উপজেলা ও জেলা শহরে যেতো। রাতে দোকান বন্ধ করে লেখাপড়া করতো। শুভ লেখাপড়া শিখে চিকিত্সক হয়ে মানুষের সেবা করতে চাই।
