জমে উঠতে শুরু করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনকে ঘিরে বিভিন্নমুখী তত্পরতা, প্রচারণা। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটির মেয়র প্রার্থীর সমর্থনে ১৪ দলসহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধভাবে ভোটযুদ্ধে মাঠে নামার প্রস্তুতি গ্রহণ করেছে। অপরদিকে জেলা বিএনপির জরুরি সভায় জাতীয়তাবাদী নাগরিক ফোরামের প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতা-কর্মীদের সর্বশক্তি নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণায় ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয়েছে। দুই মেয়র প্রার্থীর সমর্থনে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের ঘোষণা দিয়ে নির্বাচনী মাঠে নামার তোড়জোড়ে জমে উঠছে কেসিসি নির্বাচন। আওয়ামী লীগ মেয়র পদটি দখলে রাখতে যেমন মরিয়া তেমন মেয়র পদটি পুনরুদ্ধার করতে মরিয়া বিএনপি। এদিকে কেসিসি’র তিন মেয়র প্রার্থীই তাদের নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করে ফেলেছেন। চলতি সপ্তাহেই পর্যায়ক্রমে তারা সংবাদ সম্মেলন করে তাদের নির্বাচনী ইশতেহার খুলনাবাসীর কাছে তুলে ধরবেন বলে জানা গেছে।
সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক ও মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনসমূহের এক সভায় সম্মিলিত নাগরিক কমিটির মেয়র প্রার্থীর সমর্থনে ঐক্যবদ্ধভাবে ভোটযুদ্ধে মাঠে নামার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী তালুকদার আব্দুল খালেকের সমর্থনে ১৪ দলসহ মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনসমূহের উদ্যোগে ১০১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটিতে জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদকে আহবায়ক এবং মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজানকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য হাফিজুর রহমান, মহানগর জাসদের সভাপতি রফিকুল হক খোকন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক গাজী আব্দুল হাদী, জাকের পার্টির নেতা গোলাম নবী মাসুম ও মহানগর জাসদ নেতা (জেএসডি) অ্যাডভোকেট আ. ফ. ম. মহসীনকে কমিটির যুগ্ম-আহবায়ক করা হয়েছে। গত শুক্রবার বিকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা ও মহানগর ইউনিটের যৌথ সভায় মেয়র প্রার্থী খালেকের পক্ষে নির্বাচন পরিচালনার জন্য মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবিরকে আহবায়ক ও সরদার মাহাবুবার রহমানকে সদস্য সচিব করে ৫১ সদস্যের মহানগর কমিটি ও মুক্তিযোদ্ধা সংসদের পাঁচ থানায় আহবায়কদের সমন্বয়ে ২১ সদস্যের ৫টি আহবায়ক কমিটি এবং নগরীর ৩১টি ওয়ার্ডে ১৫ সদস্য করে ওয়ার্ড কমিটি গঠন করা হয়।
এদিকে, জেলা বিএনপির নির্বাহী কমিটির এক জরুরি সভায় কেসিসি নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে আখ্যায়িত করে দলীয় প্রার্থী মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিকে মেয়র পদে বিজয়ী করতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার নেতৃত্বে জেলা বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীদের সর্বশক্তি নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণায় ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানানো হয়েছে। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক মাজিদুল ইসলাম।
অপরদিকে, বিভাগীয় শহর খুলনাকে সন্ত্রাস, দুর্নীতি এবং মাদকমুক্ত আধুনিক নগরী হিসাবে গড়ে তুলতে নাগরিক উন্নয়ন কমিটির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধুকে বিজয়ী করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মহানগর জাতীয় পার্টির (এ) সভাপতি সাবেক এমপি আব্দুল গফফার বিশ্বাস। তিনি গত শুক্রবার সন্ধ্যায় নগরীর খালিশপুর শিল্পাঞ্চলে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় এই আহ্বান জানান। এছাড়া মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু গত শনিবার দিনব্যাপী নগরীর বিভিন্ন ওয়ার্ডের নাগরিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় জাতীয় পার্টির (এ) নেতৃবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন।
এদিকে, কেসিসি’র তিন মেয়র প্রার্থীই তাদের নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করে ফেলেছে। গত নির্বাচনে সম্মিলিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছিলো। সেখান থেকে বাস্তবায়ন হওয়া প্রতিশ্রুতি বাদ দিয়ে এবারের নির্বাচনে আরো চমকপ্রদ নতুন কয়েকটি প্রতিশ্রুতি সংযোজন করা হচ্ছে।
আগামী মঙ্গলবার অথবা বুধবার খালেকের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এছাড়া জাতীয়তাবাদী নাগরিক ফোরাম সমর্থিত মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনির পক্ষে ২৫ দফা নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।
আজ সোমবার নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে নাগরিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ ও মনিরুজ্জামান মনির পক্ষে ২৫ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করার কথা রয়েছে। অপরদিকে, জাতীয় পার্টি (এ) সমর্থিত মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু’র পক্ষে নাগরিক উন্নয়ন কমিটি খুলনা মহানগরীকে একটি আধুনিক মানের নগরী হিসাবে গড়ে তোলার স্বপ্নসহ মহানগরীর উন্নয়নে ১৫ দফা প্রতিশ্রুতি সম্বলিত নির্বাচনী ইশতেহার প্রায় চূড়ান্ত করেছে এবং অচিরেই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নাগরিক উন্নয়ন কমিটির মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী কর্মকর্তা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোল্লা মুজিবুর রহমান।
