রাজশাহীতে ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে চার স্তরের নিরাপত্তা

আপডেট : ২৬ মে ২০১৩, ২১:৫৬
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। নির্বাচনী প্রচারণার শুরু থেকে ভোট গ্রহণের পরের দিন পর্যন্ত যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গ্রহণ করা হয়েছে চার স্তরের নিরাপত্তা। নির্বাচন কমিশনের নির্দেশে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে আরএমপি। এ ব্যাপারে আরএমপি কমিশনার এসএম মনির-উজ-জামান বলেন, রাসিক নির্বাচনের ভোট গ্রহণের দিন ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ভোট কেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ ও সাধারণ এই দুইভাগে ভাগ করা হয়েছে। পূর্ব নির্ধারিত ১৩৭টি ভোট কেন্দ্রের মধ্যে ১০৪টি গুরুত্বপূর্ণ এবং বাকি ৩৩টি সাধারণ। নগরীর বোয়ালিয়া থানার ৭১টি ভোট কেন্দ্রের ৬১টি গুরুত্বপূর্ণ ও ১০টি সাধারণ, রাজপাড়া থানার ৪৩টি ভোট কেন্দ্রের ২৫টি গুরুত্বপূর্ণ ও ১৮টি সাধারণ, মতিহার থানার ২৫টি ভোট কেন্দ্রের ১০টি গুরুত্বপূর্ণ ও ৫টি সাধারণ এবং শাহ্মখদুম থানার ৮টি ভোট কেন্দ্রই গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবার নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ৯১৭। পুলিশ কমিশনার বলেন, গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রের প্রত্যেকটিতে একজন পরিদর্শক, একজন উপ-পরিদর্শক ও একজন সহকারী উপ-পরিদর্শকের সঙ্গে থাকবেন ১০জন করে কনস্টেবল। অপরদিকে সাধারণ ভোট কেন্দ্রগুলোতে একজন উপ-পরিদর্শক ও একজন সহকারী উপ-পরিদর্শকের সঙ্গে থাকবেন ৮জন করে কনস্টেবল। এছাড়া ভোটের দিন নগরীতে থাকবে ১১ সদস্যের ৩০টি মোবাইল টিম। এসব টিমের নেতৃত্ব দেবেন ৩০জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া ভোটের দিন তাত্ক্ষণিক বিশৃঙ্খলা এড়াতে নগরীর ৪টি থানায় থাকবে ৮টি স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স। যার প্রত্যেকটির সদস্যসংখ্যা হবে ২০জন। নগরীর তালাইমারী, লক্ষ্মীপুর, রেলগেট, সিটি বাইপাস, আমচত্বর, কাশিয়াডাঙ্গাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হবে চেকপোস্ট। এছাড়া শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আরএমপি’র সদর দফতরে পুলিশের একটি সেল গঠন করা হয়েছে। এর দায়িত্বে রয়েছেন একজন উপ-পুলিশ কমিশনার। ৮১২৩৮৬ নম্বরে টেলিফোনে মহানগরবাসী যেকোনো বিশৃঙ্খলার তথ্য প্রদান করতে পারবেন। তথ্য প্রদানকারীর নাম ও পরিচয় গোপন রেখে তাত্ক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। এদিকে পুলিশের পাশাপাশি ভোটকেন্দ্রের নিরাপত্তায় আনসার ভিডিপি’র সদস্যরাও দায়িত্ব পালন করবেন।