সাবেক স্পিকার ও বিএনপির সাবেক নেতা অ্যাডভোকেট শেখ রাজ্জাক আলী বলেছেন, খুলনা মহানগরীর উন্নয়ন এবং আধুনিক শহর গড়ে তুলতে তালুকদার আব্দুল খালেকের কোন বিকল্প এখনো তৈরি হয়নি। পাঁচ বছর আগে খুলনার যে দুর্দশাগ্রস্ত চেহারা ছিল সে জায়গা থেকে উন্নয়ন ঘটিয়েছেন তালুকদার আব্দুল খালেক। রাজনৈতিক চিন্তা-চেতনায় ভিন্নতা থাকলেও একজন নাগরিকের দায়বদ্ধতার জায়গা থেকে আমি তার জন্য কাজ করছি। আমার কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই, কারণ আমি আর ভবিষ্যতে রাজনীতি করবো না। রবিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সম্মিলিত নাগরিক কমিটির আয়োজনে মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের সমর্থনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিটির চেয়ারম্যান সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী এসব কথা বলেন।
সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী আধুনিক খুলনা গড়তে এবং একজন যোগ্য ও সত্ প্রার্থী হিসাবে তালুকদার আব্দুল খালেককে মেয়র পদে নির্বাচিত করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিটির কো-চেয়ারম্যান সাবেক পৌর চেয়ারম্যান অ্যাডভোকেট এনায়েত আলী বলেন, ১৯৭৮ সালে পৌরসভা নির্বাচনে আমি যখন চেয়ারম্যান নির্বাচিত হই, তখন তালুকদার আব্দুল খালেক নবীন সদস্য হিসাবে কমিশনার নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে আমি তালুকদার আব্দুল খালেকের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। আমি ৩ হাজার ভোট পেয়েছিলাম। আমি মনে করি, আমার চেয়ে খালেক অনেক জনপ্রিয় এবং সে কারণেই জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলো। সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য নূর আফরোজ আলী, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েকউজ্জামান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু, মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর কমান্ডের সভাপতি অধ্যাপক আলমগীর কবীর, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী শিশির কুমার শীল, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায় প্রমুখ।
