কামরানকে কারণ দর্শানোর নোটিস

আপডেট : ২৬ মে ২০১৩, ২১:৫৭
নির্বাচন বিধি উপেক্ষা করায় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচন কমিশন। রবিবার সিলেটের রিটার্নিং কর্মকর্তা এসএম এজহারুল হক স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিসটি কামরানের বরাবরে পাঠানো হয়েছে। নোটিস অনুযায়ী আজ ২৭ মে’র মধ্যে তার জবাব চেয়েছে নির্বাচন কমিশন। সূত্র জানায়, গত শনিবার রাতে সিলেট অডিটোরিয়ামে সিলেট সিটি করপোরেশনের অনুদানে নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বক্তৃতায় তিনি আকার-ইঙ্গিতে ভোট প্রার্থনা করেন। এতে নির্বাচন আচরণ বিধিমালা ২০১০ এর বিধি-৩ লঙ্ঘনের অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিসে ‘কেন এই বিধি লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে অবহিত করা হবে না’—মর্মে আজ সোমবারের মধ্যে কামরানকে জানাতে বলা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের সদ্য বিদায়ী মেয়র বদরউদ্দিন আহমদ কামরান মেয়র থাকাকালে ওই অনুষ্ঠানের জন্য ৫০ হাজার টাকা অনুদান দেন। গত ৯ মে তিনি এ পদ থেকে পদত্যাগ করেন এবং আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হন। গত রবিবার তিনি এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কৌশলে ভোট প্রার্থনা করেন।