বুয়েট ছাত্রের ফরিয়াদ

আপডেট : ২৬ মে ২০১৩, ২২:০৩
২০১১-১২ শিক্ষাবর্ষে মেডিক্যালসহ কয়েকটি প্রকৌশল ও সাধারণ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও বুয়েটে ভর্তি হই। ক্লাস শুরুর কিছুদিন পরই শুরু হয় কতিপয় অনিয়মের বিরুদ্ধে বুয়েট শিক্ষক সমিতির ডাকে উপাচার্যবিরোধী আন্দোলন। এ কারণে দুই মাসের বেশি সময় বুয়েট বন্ধ থাকে। যদিও আন্দোলনের সময় বুয়েট শিক্ষক সমিতির বিতরণকৃত এক প্রচারপত্রে একাডেমিক প্রোগ্রামের সাময়িক ক্ষতিতে দুঃখ প্রকাশ করে বুয়েটে স্বাভাবিক অবস্থা ফিরে এলে এ ক্ষতিপূরণের প্রয়োজনে ছুটির দিনেও ক্লাস নেবার প্রতিশ্রুতি দেয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে এই বিষয়ে কোনো পদক্ষেপ দেখা যায়নি। কয়েক মাস আগে শুরু হয় দেশে রাজনৈতিক অস্থিরতা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিক্যাল কলেজে সাপ্তাহিক ছুটি একদিন হলেও বুয়েটে সাপ্তাহিক ছুটি দুইদিন বৃহস্পতিবার ও শুক্রবার। বুয়েট থেকে কয়েক শ’ গজ দূরে অবস্থিত ঢাকা মেডিক্যাল কলেজে হরতালের দিনে ক্লাস পরীক্ষা চালু থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ঘন ঘন হরতাল শুরুর পর পরই সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও ক্লাস নেয়া শুরু করে অর্থাত্ সপ্তাহে সাতদিনই সেখানে ক্লাস-পরীক্ষা হচ্ছে। অনেক বিলম্বে বুয়েটের রেজিস্ট্রার এক বিজ্ঞপ্তিতে গত ১৩ এপ্রিল থেকে প্রতি বৃহস্পতিবার বিভাগীয় প্রদানের অনুমতি নিয়ে শিক্ষকরা অতিরিক্ত ক্লাস নিতে পারবেন বলে জানালেও আমি যে বিভাগে পড়ছি সেখানে গত শুধু এক বৃহস্পতিবার ক্লাস নেয়া হয়েছে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিক্যাল কলেজসহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যেখানে তৃতীয় টার্মের পরীক্ষা শুরু হতে যাচ্ছে সেখানে বুয়েটে সবেমাত্র প্রথম টার্ম শেষ হয়ে দ্বিতীয় টার্মের ক্লাস চলছে। বুয়েট কর্তৃপক্ষের উদাসীনতায় মনে হচ্ছে একই সেশনে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১/২ বছর আগে শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করবে, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পাবে। বুয়েটের শ্রদ্ধেয় শিক্ষকগণ সেশনজট নিরসনে অনেকটা উদাসীন। উপাচার্যের সঙ্গে শিক্ষকদের দ্বন্দ্বে বুয়েট এখন মাঝিবিহীন নৌকা। তাই বুয়েটকে সেশন জটমুক্ত করে শিক্ষার্থীদের হতাশা দূর করার জন্য সাপ্তাহিক ছুটি একদিন প্রবর্তন, পরীক্ষার আগে প্রস্তুতিমূলক ছুটিসহ অন্যান্য ছুটি কমানো, সর্বোপরি— ঐতিহ্যবাহী বুয়েটকে বাঁচানোর জন্য শ্রদ্ধেয় শিক্ষকদের আরো আন্তরিকতা এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ত্বরিত হস্তক্ষেপ কামনা করছি। বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের জনৈক ছাত্র