‘জেল খাটলেও ছিনতাই ছাড়তে পারেনি’

আপডেট : ২৬ মে ২০১৩, ২২:২৭
ছিনতাই করে জেল খাটলেও ছিনতাই ছাড়তে পারেনি মইনুল। শেষটায় ছিনতাই করতে গিয়েই মরতে হলো। কথাগুলো শনিবার রাতে কাফরুল এলাকায় পুলিশের গুলিতে নিহত ছিনতাইকারী মইনুল ইসলামের স্ত্রী শিল্পী আক্তারের। গতকাল রবিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নিহত মইনুলের মৃতদেহ সনাক্তের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পুলিশ অজ্ঞাত হিসেবে মইনুলের লাশ শনিবার রাতেই মর্গে পাঠায়। শিল্পী আক্তার বলেন, বিয়ের আগে মইনুল তাকে জানিয়েছেন, সে রাজমিস্ত্রীর কাজ করে; কিন্তু কয়েকবার জেল খাটার পর জানতে পারেন, সে ছিনতাইয়ের সঙ্গে জড়িত। সর্বশেষ চার মাস আগে সে জেল থেকে ছাড়া যায়। ঐ সময় তাদের বাসা ছিল আগারগাঁও বিএনপি বস্তিতে। জেল থেকে ছাড়া পাওয়ার পর তারা বাসা নেয় সাভারে। মইনুলকে তিনি বার বার অনুরোধ করেছেন, যাতে সে আর ছিনতাই না করে; কিন্তু সে তার কথা রাখেনি। গত তিনদিন আগে সে বাসা থেকে বের হয়। এরপর আর বাসায় ফেরেনি। গতকাল মইনুলের এক বন্ধুর মাধ্যমে জানতে পারেন, মইনুল ছিনতাই করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছে। তিনি আরো বলেন, মইনুলের গ্রামের বাড়ি রংপুরে। বাসা সাভারের বাইনাপুর। কাফরুল থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াজেদ আলী জানান, নিহত মইনুল ইসলাম আগেও কয়েকবার ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। তার অপর সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে। শনিবার রাতে আগারগাঁও নতুন রাস্তায় ছিনতাই করে পালবার সময় পুলিশের গুলিতে নিহত হয় মইনুল ইসলাম। একই ঘটনায় আহত হয়ে গ্রেফতার হয়েছে তার সহযোগী সুমন। পুলিশ পাহারায় সে এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।