পুঠিয়ায় পুলিশের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার হয়নি, আটক ১৬

আপডেট : ২৬ মে ২০১৩, ২২:২৭
রাজশাহীর পুঠিয়ায় শনিবার সন্ধ্যায় পুলিশ কর্মকর্তার ছিনতাইকৃত পিস্তল উদ্ধার হয়নি। এ ঘটনার পর শনিবার রাত থেকে পুলিশ দফায় দফায় অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করেছে। তাদের মধ্যে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের পুঠিয়া শাখার সদ্য নির্বাচিত সভাপতি শাহ আলমও রয়েছেন। আটক অন্যরা হলেন- সাবেক সভাপতি আসগর আলী, শ্রমিক নেতা আহসান আলী, সাইদুল সরকার, রফিকুল ইসলাম, নূরুল ইসলাম, সুরমান আলী, আবুল কালাম, আবদুর রশীদ, ইমরান হোসেন, এনামুল শেখ রনি, শাহিন আলম, আবদুর রাজ্জাক, রফিকুল ইসলাম, কাশেম আলী ও মোছাঃ পুতুল। আটকদের মধ্যে ১৪ জন পুঠিয়া শাখা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী। এদিকে ঘটনার পরপর রাজশাহী জেলা পুলিশ সুপার আলমগীর কবির, পুঠিয়া সার্কেল এএসপি আবু সায়েম ও পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা আবদুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তাদের নেতৃত্বে পরিচালিত রাতের অস্ত্র উদ্ধার অভিযান ব্যর্থ হয়। পুঠিয়া থানার ওসি মীর্জা আবদুস সালাম জানান, ছিনতাই হওয়া পুলিশ কর্মকর্তার গুলি ভর্তি পিস্তল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।