বাড়ির রাস্তা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী মনু মিয়ার লোকজন রোকেয়া বেগম নামের এক গৃহবধূকে গাছে বেঁধে নির্দয়ভাবে নির্যাতন করেছে। তাছাড়া গায়ের স্বর্ণালংকারও ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ রোকেয়া বেগমকে উদ্ধার করে মাধবপুর হাসপাতালে ভর্তি করেছে। গতকাল রবিবার সকালে মাধবপুর উপজেলার জগদীশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মনু মিয়ার বোন হারুনা বেগম, মহিলা মেম্বার রানোয়ারা বেগম, হিরা মিয়া প্রমুখরা জানান, গতকাল সকালে প্রতিবেশী মনু মিয়ার লোকজন ইট, সিমেন্ট দিয়ে রোকেয়া বেগমের বাড়ির রাস্তা বন্ধ করতে গেলে তিনি বাধা দেন। ক্ষিপ্ত হয়ে মনু মিয়ার ছেলে জনি, মেয়ে রনি, নোওসাত, সাজান ও তার পুত্র ফরিদ, হুমায়ুন, মাসুদা, আঁখি সবাই মিলে ঝগড়ায় লিপ্ত হয় রোকেয়ার সাথে। এক পর্যায়ে রোকেয়া তাদের ভয়ে ঘরে চলে যান। কিন্তু ঘর থেকে চুলের মুটি ধরে নিয়ে এসে বেধম প্রহার করে রোকেয়াকে মনু মিয়ার বাড়িতে নিয়ে গাছে বেঁধে রাখে। খবর পেয়ে মাধবপুর থানার এসআই জাহিদুল ইসলাম এসে দুপুরে দড়ি খুলে তাকে মাধবপুর হাসপাতালে পাঠান। এ সময় স্থানীয় চেয়ারম্যান শফিকুল ইসলাম, জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নাসির খানসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। রোকেয়া বেগমের প্রতিবেশী সেলিম ড্রাইভারের স্ত্রী ছায়েরা বেগম বলেন, তিনি এসে রোকেয়া বেগমকে গাছে বাধা দেখতে পেয়ে বাধন খুলে দিয়েছিলেন। পরে স্বপ্না নামের এক মহিলা তাকে আবার গাছে বেঁধে রাখেন।
জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির খান বলেন, বেশ কয়েক বছর আগে স্থানীয় চেয়ারম্যান মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তি ও কয়েকজন সার্ভেয়ারের উপস্থিতিতে জাকির হোসেনের বাড়ির এ রাস্তার বিরোধ নিষ্পত্তি করে দেয়া হয়ে ছিল। সকালে খবর পেয়ে এসে রোকেয়াকে গাছে বাঁধা অবস্থা দেখতে পেয়েছেন যা অত্যন্ত অমানবিক। রোকেয়া বেগমের স্বামী জাকির হোসেন একজন গাড়ি চালক। তিনি সিলেটে থাকেন।
