গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০

আপডেট : ২৬ মে ২০১৩, ২৩:০৪
বেতন বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গতকাল রবিবার গাজীপুরে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। এসময় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ শ্রমিকদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৫ পুলিশ ও ১৫ শ্রমিক আহত হয়। আহতদের মধ্যে গুলিবিদ্ধ এক শ্রমিক নেতাকে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা সদরের বড়বাড়ি এলাকার পার্কসিন ও পার্কস্টার গার্মেন্টসের শ্রমিকরা গতকাল সকালে বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করে। পরে আরো কয়েকটি কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে আন্দোলনে যোগ দেয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়। এদের মধ্যে পুলিশের রাবার বুলেটে আহত গার্মেন্টস শ্রমিক নেতা জিয়াউল কবিরকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে সকাল ১০টার দিকে পার্কসিন ও পার্কস্টার, ডডি এক্সপোর্ট ওয়্যার, লি নবটেক, বেস্ট শার্ট লিমিটেড, রাবাব ফ্যাশন লিমিটেড ও ইউনি গিয়ার্স লিমিটেডসহ আশপাশের ১২টি গার্মেন্টস কারখানা কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করেন।