অশুভ শক্তির কাছে আত্মসমর্পণ না করে দেশ ও জাতির স্বার্থে সংসদে আলোচনার মাধ্যমে সমঝোতার পথে আসার জন্য বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলীয় জোট। গতকাল রবিবার দুপুরে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এ আহ্বান জানিয়ে বলেন, হরতালের নামে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা পরিহার করে সংসদে আসুন, যা চান খোলা মনে বলুন। সমঝোতার টেবিলে বসে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখি। সংসদে সকল বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করি এবং সেটা দেশবাসী দেখবে।
মোহাম্মদ নাসিম বলেন, নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টঙ্গি পৌরসভার মেয়র আজমত উল্লাহ খানকে ১৪ দলীয় জোট সমর্থিত একক প্রার্থী করা হয়েছে। এছাড়া বরিশালে শওকত হোসেন হিরণ, সিলেটে বদরুদ্দিন আহমেদ কামরান, রাজশাহীতে খায়রুজ্জামান লিটন ও খুলনায় তালুকদার মো. আব্দুল খালেক ১৪ দলের সমর্থন নিয়ে কাজ শুরু করেছেন। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে এই পাঁচজনকে সমর্থন দিয়েছে ১৪ দল। এসব প্রার্থিকে বিজয়ী করার জন্য তিনি স্থানীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সর্বশক্তি নিয়োগ করে তাদের বিজয়ী করার জন্য কাজ করতে হবে।
সিটি করপোরেশনগুলোর নির্বাচনে বিএনপি প্রার্থী সমর্থন দিয়ে মাঠে নামায় তাদের স্বাগত ও অভিনন্দন জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, আশা করি বিরোধী দল এ ধারাবাহিকতা অব্যাহত রেখে আগামী জাতীয় নির্বাচনেও অংশ নিয়ে জনগণের রায়কে মেনে নেবে। বিএনপি’র ডাকা হরতাল প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি আল্টিমেটাম দিয়ে ও হরতাল ডেকে সংলাপের পরিবেশ নষ্ট করছে। সংলাপের কথা যখন বললেন তখন হরতাল দিলেন কেন? তাহলে আপনারা কোন্টা চান, সংলাপ না নৈরাজ্য? বিরোধী দলীয় নেত্রীকে বলবো, আপনি নিজের বুদ্ধিতে চলুন। গণআজাদী লীগের সভাপতি হাজী আব্দুস সামাদের সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির আনিসুর রহমান মল্লিক, জাসদের শিরিন আকতার, গণতন্ত্রী পার্টির নুরুর রহমান সেলিম, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম, অসিত বরণ রায়, আওয়ামী লীগের আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মৃণাল কান্তি দাস, সুজিত রায় নন্দী প্রমুখ।
