বাংলাদেশের জিএসপি (অগ্রাধিকার-মূলক বাণিজ্য সুবিধা) নিয়ে আমেরিকার ওপর বড় ধরনের চাপ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকান সাবেক রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। অর্থ মন্ত্রণালয়ে গতকাল রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, রানা প্লাজার ট্রাজেডি এতটাই বেদনায়ক যে, তা অনেকের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই বাংলাদেশে শ্রমিক অধিকার রক্ষা, ভবন সুরক্ষা এবং দুর্ঘটনারোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অর্থমন্ত্রীর সঙ্গে গতকাল আমেরিকার সফররত ব্যবসায়ী প্রতিনিধি দলের এক বৈঠক হয়। এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মরিয়ার্টি।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গত শনিবার জিএসপি সুবিধা প্রত্যাহার করাকে ‘অন্যায়’ হিসাবে আখ্যা দিয়েছেন। মরিয়ার্টিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জিএসপি ইস্যুতে কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, প্রকৃত অর্থে রানা প্লাজা এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি ট্র্যাজেডির কারণে জিএসপি ইস্যুতে আমাদের ওপর চাপ সৃষ্টি হয়েছে। এটি সরাসরি চাপ নয়, তবে জনগণ এ বিষয়গুলো নিয়ে দারুণ উদ্বিগ্ন। তারা এ ধরনের পরিস্থিতির উন্নতি দেখতে চায়।
