জেলার সোনারগাঁয়ে পুলিশ হেফাজতে যুবক শামীম রেজার মৃত্যুর ঘটনায় গতকাল রবিবার বিকালে স্থানীয় থানার পুলিশ পরিদর্শক (ওসি) অরূপ তরফদার ও এসআই পল্টু ঘোষকে প্রত্যাহার করা হয়েছে। মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া সার্কেল এসপি উত্তম প্রসাদ পাঠককে বদলির সুপারিশ করেছে মামলা সংশ্লিষ্ট তদন্ত কমিটি। রদবদলের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম। পুলিশ সুপার জানান, শনিবার পুলিশের ঢাকা রেঞ্জের এডিশনাল ডিআইজির নেতৃত্বে ৩ সদস্যের টিম শামীমদের বাড়িতে গিয়ে সাক্ষ্য নিয়েছে। রবিবার বিকালে পুলিশ সদর দপ্তরের তদন্ত রিপোর্টের ভিত্তিতেই ওই দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে দুই পুলিশকে প্রত্যাহারের ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার। তারা জানান, অপরাধের তুলনায় তাদের পর্যাপ্ত শাস্তি প্রদান করা হয়নি। তারা অবিলম্বে হত্যার সাথে জড়িত সোনারগাঁ থানার ওসি আতিকুর রহমান খানসহ অন্যান্য কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল উপজেলার পিরোজপুর ইউনিয়নে ঝাউচর গ্রামে চার জনকে হত্যার ঘটনায় গত ১৪ মে প্রতাপের চর গ্রামের আলাউদ্দিনের ছেলে শামীম রেজাকে পুলিশ আটক করে। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গত ২২ মে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর দুইটি তদন্ত কমিটি গঠন
করা হয়।
