বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশ থেকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করেছে আদালত। দুদকের এক আবেদনের প্রেক্ষিতে রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোজাম্মেল হক এ আবেদন মঞ্জুর করেন। এর আগে বিদেশে অর্থ পাচার মামলায় তারেককে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন দুদকের বিশেষ পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল। আবেদনে দুদকের আইনজীবী আদালতকে বলেন, অর্থ পাচার মামলার দুই আসামির মধ্যে গিয়াসউদ্দিন আল মামুন কারাগারে আটক আছেন। আর তারেক রহমান শুরু থেকেই পলাতক।
আবেদনে বলা হয়, তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থান করছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে। আদালতে হাজির হওয়ার জন্য তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও তিনি ইচ্ছাকৃতভাবে তা এড়িয়ে গেছেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তাকের রহমানকে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়। পরে, সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর ‘চিকিত্সার জন্য’ লন্ডনে যান তিনি।
বিডিনিউজ জানায়, লন্ডনে অবস্থানরত তারেক সম্প্রতি বিএনপির এক দলীয় অনুষ্ঠানে অংশ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দেন। গত ২০ মে পূর্ব লন্ডনের ওই অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের ওপর চাপ দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি। এরপর দেশে তার ওই বক্তব্যের সমালোচনায় মুখর হন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা।
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম শুক্রবার এক অনুষ্ঠানে বলেন,“তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। পরোয়ানা বাস্তবায়ন করতে যা যা দরকার, আদালত সবই করবে।”
গ্রেফতারি পরোয়ানা জারির আদেশের পর দুদক সাংবাদিকদের বলেন, ইংরেজিতে জারি করা এই পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো হবে।
তবে আসামিপক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইন্টারপোলের মাধ্যমে কাউকে গ্রেফতারের জন্য এভাবে পারোয়ানা জারির সুযোগ নেই।
২০০৯ সালের ২৬ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় তারেক ও তার ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে এ মামলা দায়ের করে দুদক। পরের বছর ৬ জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।
অভিযোগপত্রে বলা হয়, তত্কালীন প্রধানমন্ত্রীর ছেলে তারেকের প্রভাব খাটিয়ে বিভিন্ন কোম্পানি ও সংস্থাকে কাজ পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে তার বন্ধু মামুন অবৈধভাবে অর্থ নেন। মামুনের মাধ্যমে ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পথে ২০ কোটি ৪১ লাখ টাকা অবৈধভাবে সিঙ্গাপুরে পাচার করেন তারেক রহমান। ওই অর্থের মধ্যে সিঙ্গপুরের সিটি ব্যাংক এনএর একটি শাখায় ওই মামুনের ব্যাংক হিসাবে ৭ লাখ ৫০ হাজার ডলার জমা করা হয়।
রবিবার এ মামলার দশম সাক্ষী সোনালী ব্যাংক ক্যান্টনমেন্ট কর্পোরেট শাখার কর্মকর্তা বিভূতি ভূষণ সরকারকে জেরা করেন আসামি মামুনের আইনজীবীরা। বিচারক মামলার শুনানির জন্য ২৯ মে পরবর্তী দিন রেখেছেন।
