বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোনো পক্ষপাতিত্ব ছিল না বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান। তিনি বলেছেন, রাজনৈতিক পক্ষপাতিত্ব কিংবা কারো প্রতি অনুরাগ-বিরাগের বশবর্তী হয়ে দুদক কাজ করছে না। পরোয়ানা জারির বিষয়টি আইনের স্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। যিনি যে মতাদর্শের হোন না দুদকের কাছে সবাই সমান।
গতকাল রবিবার বিকালে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দুদক চেয়ারম্যান বলেন, তারেক রহমানের মামলার ব্যাপারে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুদক কিছু করেনি। দুদকের আইনজীবী আইনি প্রক্রিয়ায় কার্যক্রম পরিচালনা করছেন। নতুন করে আইনজীবীদের এ বিষয়ে কোনো নির্দেশনাও দেয়া হয়নি। আইনের স্বাভাবিক গতিতে এর কার্যক্রম চলছে।
তিনি বলেন, তারেক রহমান ও মামুনের বিরুদ্ধে মামলা হয়েছে অনেক আগে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ মামলা দায়ের করা হয়। তদন্ত করে আদালতে চার্জশিট দেয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরে দুদকের পক্ষে আইনজীবী মোশারফ হোসেন কাজল ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে দুর্নীতি মামলায় তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে আবেদন করেন। এ প্রেক্ষিতে আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. মোজাম্মেল হক আবেদনটির ওপর শুনানি গ্রহণ করেন। এরপর তারেক রহমানের বিরুদ্ধে ইংরেজিতে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে এ মামলায় আদালতে হাজির করার নির্দেশ দেন।
টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুত্ কেন্দ স্থাপনের কাজ পাইয়ে দেয়ার জন্য নির্মাণ কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের মালিক খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াসউদ্দিন আল মামুন ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন। সিঙ্গাপুরে এ টাকা লেনদেন হয়। এরপর মামুন ওই অর্থ সিঙ্গাপুরের ক্যাপিটাল স্ট্রিটের সিটি ব্যাংক এনএতে তার নামের ব্যাংক হিসাবে জমা করেন। এ টাকার মধ্যে তারেক রহমান তিন কোটি ৭৮ লাখ টাকা খরচ করেন বলে মামলায় অভিযোগ দায়ের করা হয়। ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০১০ সালের ৬ জুলাই তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর অভিযোগপত্র দাখিলের ১ বছর পর ২০১১ সালের ৮ আগস্ট এ মামলার অভিযোগ গঠন করেন আদালত।
