কোর্টের পরোয়ানা আইন প্রতিমন্ত্রীর কথার প্রতিফলন

আপডেট : ২৬ মে ২০১৩, ২৩:১৪
ঢাকার একটি আদালত কর্তৃক দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলের নেতারা বলেছেন, যে মামলায় তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, সে মামলায় তার কোনো সম্পৃক্ততা ছিল না, এখনো নাই। ’সম্পর্ক থাকলেও থাকতে পারে- এমন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল। আমরা আগেও এই মামলা প্রত্যাহারের অনুরোধ করেছিলাম। কিন্তু ফখরুদ্দিন-মইনউদ্দিন সরকার তা করেনি। গতকাল রবিবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু দলের পক্ষ থেকে বলেন, আইন প্রতিমন্ত্রী কামরুলের দুই দিন আগে তারেককে নিয়ে যে ভাষায় কথা বললেন, তার হুবহু প্রতিফলন দেখলাম কোর্টের দেয়া পরোয়ানায়। এদিকে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে যুবদল এবং স্বেচ্ছাসেবক দল সারাদেশে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে। যুবদল আজ সারাদেশে থানা-উপজেলায় এবং ২৮ জেলায় জেলায় বিক্ষোভ প্রদর্শন করবে। দলের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবদুস সালাম আজাদ ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব এই কর্মসূচি পালনের জন্য দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। স্বেচ্ছাসেবক দল আজ সারা দেশের জেলায় জেলায় বিক্ষোভ করার ঘোষণা দেন। তবে ঢাকায় তাদের কোনো কর্মসূচি নেই। গতকাল রবিবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, আমরা জানি, সব দলীয়করণ করা হয়েছে। কামরুল সাহেব এমন কথা বলার দুই দিন পর এমন ঘটনায় কোনো সাদৃশ্য রয়েছে। আইন প্রতিমন্ত্রীর কথার আদলে আদালতের নির্দেশনা এসেছে। দুই দিন আগে আইন প্রতিমন্ত্রী ইন্টারপোলের মাধ্যমে তারেক রহমানকে গ্রেফতারের কথা বলেছেন। উল্লেখ্য, তারেক রহমান গত ২০ মে পূর্ব লন্ডনের এক দলীয় অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের ওপর চাপ দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান। এরপর দেশে তার ওই বক্তব্যের সমালোচনায় মুখর হন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা।