তত্ত্বাবধায়ক সংলাপ :বিএনপির পথেই হাঁটছে আওয়ামী লীগ?

আপডেট : ২৬ মে ২০১৩, ২৩:১৫
আগামী নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে চলছে ‘সংলাপ সংলাপ’ খেলা। সরকারি দলের নেতারা প্রতিদিনই বিরোধী দলকে বলছেন, ‘আলোচনায় আসুন’। বিরোধী দল থেকেও প্রতিনিয়ত বলা হচ্ছে ‘আলোচনার উদ্যোগ নিন, আমাদের চিঠি দিন’। তবে এখন পর্যন্ত পুরো বিষয়টিই বায়বীয়। যার কারণে সংলাপের আপাতত কোনো সম্ভাবনার দেখা মিলছে না। অন্যদিকে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে আলোচনার নিকট অতীতের রেকর্ড ঘাঁটলেও প্রায় একই চিত্র ধরা পড়ে। ১৯৯৬ সালে তত্কালীন বিএনপি সরকারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনায় বসেনি। পরবর্তীতে একটি একতরফা নির্বাচনের (১৫ ফেব্রুয়ারি) মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে বিএনপি। এখন নির্দলীয় সরকার নিয়ে আলোচনায় বসতে আওয়ামী লীগের অনীহা। রাজনৈতিক পর্যবেক্ষকদের প্রশ্ন, তাহলে কি আওয়ামী লীগও বিএনপির পদাঙ্ক অনুসরণ করবে? সরকার ও বিরোধী দল শুধু সংলাপ বা আলোচনায় বসলেই যে সমাধান বের হয়ে আসে, এরকম দৃষ্টান্তও বিরল। সর্বশেষ ২০০৬ সালে বিএনপি ও আওয়ামী লীগের তখনকার মহাসচিব পর্যায়ের কয়েকদিনের বৈঠকের ফলাফলও ছিল শূন্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধান দুই নেত্রীর আন্তরিক সদিচ্ছা ছাড়া মূলত সমস্যার সমাধান আগেও হয়নি, এখনও হওয়ার কোনো সম্ভাবনা বা সুযোগ নেই। আগামী নির্বাচনকে সামনে রেখে বড় দুটি দল বা জোটের মধ্যে শেষ পর্যন্ত যদি সংলাপ হয়েও থাকে, তাহলেও দুই নেত্রীর সদিচ্ছা ছাড়া তা নিষ্ফল হতে বাধ্য। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার গতকাল ইত্তেফাককে বলেন, দুই দলের মধ্যে সংলাপের কোনো মানসিকতাই দেখছি না। সংলাপ হলেও লাভ কী। তা যদি লোকদেখানো কিংবা কাউকে খুশি করার জন্য হয়ে থাকে, তাহলে ফল শূন্যই হবে। সংলাপ তখনই ফলপ্রসূ হবে যখন প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা সত্যিকার অর্থে সমাধান চাইবেন এবং এরজন্য আন্তরিক প্রণোদনা দেখিয়ে কার্যকর উদ্যোগ নেবেন। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সংলাপে বসার বিষয়ে বড় দুই দলই কৌশলী খেলা খেলছে। চলছে অনেকটা ‘ইঁদুর-বিড়াল’ খেলা। সরকার একবার এক পা এগোয়তো, আরেক পা পিছিয়ে যাচ্ছে বিরোধী দল। কখনও বিএনপি একটু অগ্রসর হলে বেঁকে বসছেন ক্ষমতাসীনরা। একবার সরকার নরম হলে বিরোধী দল শক্ত অবস্থান নিচ্ছে, আবার বিরোধী দল নরম হলে সরকার অনড় অবস্থানে ফিরছে। এতদিনের হিসাব-নিকাশ বাদ দিয়ে শুধু চলতি মাসের শুরু থেকে গতকাল পর্যন্ত সরকার ও বিরোধী দলের বক্তব্যের প্রবাহ পর্যালোচনা করলে দেখা যায়, ‘যেখানে খুশি বসুন, আসুন আলোচনা করি’ গত ২ মে এই বক্তব্যের মাধ্যমে সংলাপের সম্ভাবনা জাগিয়ে তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিনই গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সাফ বলে দেন ‘অনির্বাচিত সরকার আর নয়’। ৪ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১৮ দলের সমাবেশে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সরকারের উদ্দেশে বলেন ‘আপনাদেরকে ৪৮ ঘণ্টা সময় দিলাম, এর মধ্যে নির্দলীয় সরকারের সুস্পষ্ট ঘোষণা দিন, তারপর আমরা সংলাপে বসবো’। এরপর জনদৃষ্টি চলে যায় হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে ঘটে যাওয়া ঘটনার দিকে। ১০ মে ঢাকায় আসেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার সঙ্গে তারানকো বৈঠক করেন। তারানকো ঢাকা ত্যাগের পরদিন অনেকটা নাটকীয় মোড় নিয়ে অনড় অবস্থান থেকে টলে বিরোধী দল সরকারের উদ্দেশে বলে ‘শর্তহীনভাবেই আলোচনায় বসতে রাজি আছি, তবে এরজন্য আমাদের আনুষ্ঠানিক চিঠি দিন’। বিরোধী দলের এই অবস্থানের পর সরকার চলে যায় হার্ডলাইনে। এখন সরকারের স্পষ্ট কথা ‘যা বলার সংসদে বলুন, সেখানেই আলোচনা করুন।’ আগামী ৩ জুন থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের বাজেট অধিবেশনকেই বিরোধী দলের প্রস্তাবের জন্য একমাত্র স্থান হিসেবে নির্ধারণ করে দিয়ে শক্ত অবস্থান নিয়ে নিয়েছে সরকার। সদস্যপদ রক্ষার জন্য এই অধিবেশনে যাওয়ার কথা বললেও বিরোধী দল বলছে, সংসদে তারা নির্দলীয় সরকার নিয়ে বক্তব্য রাখবেন, তবে কোনো ফর্মুলা বা রূপরেখা সংসদে উপস্থাপন করবেন না। তারা সংসদের বাইরে সংলাপ চান, এজন্য আনুষ্ঠানিক চিঠি দেয়ার জন্য গত ২০ মে খালেদা জিয়া বিবৃতি দিয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে এতে সায় নেই সরকারের। সংলাপ নিয়ে সরকার ও বিরোধী দলের এই কৌশল, পাল্টা কৌশলের খেলা সম্পর্কে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংলাপের জন্য বিরোধী দলকে চিঠি বা দাওয়াত দেয়ার কিছু নেই। ক’দিন পরেই সংসদ অধিবেশন বসছে। বিএনপি তাদের প্রস্তাব নিয়ে সংসদে আসুক। বিএনপির অতীত মনে থাকে না। বিএনপিকে ১৯৯৬ ও ২০০৬ সালের কথা ভুলে গেলে চলবে না। তখন তারা বিরোধী দলের এবং দেশবাসীর কোনো মতামতকে গুরুত্ব দেয়নি, বরং নির্মমভাবে জনদাবিকে উপহাস করা হয়েছে। এর জবাবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ গতকাল ইত্তেফাককে বলেন, ১৯৯৬ কিংবা ২০০৬ সালে ক্ষমতায় থাকতে বিএনপি বিরোধী দলের সঙ্গে আলোচনা করেনি, তা পুরোপুরি সত্য নয়। ১৯৯৪-৯৫ সালের দিকে স্যার নিনিয়ান এসে সরকার ও বিরোধী দলের মধ্যে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছিলেন। তখন বিএনপি ও আওয়ামী লীগের মহাসচিবের মধ্যে চিঠি চালাচালি হয়েছিল। এমনকি ১৯৯৪ সালে তত্কালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে তিনটি চিঠি দেন। তত্কালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াও তাকে তিনটি চিঠি দিয়েছিলেন। একটি চিঠিতে শেখ হাসিনা তখন বলেছিলেন, ‘সুনির্দিষ্ট বিষয়বস্তু ছাড়া কোনো আলোচনা হতে পারে না’। সংলাপ নিয়ে সরকারের বিভিন্ন বক্তব্যের বিষয়ে ব্যারিস্টার মওদুদ বলেন, সরকার মুখে মুখে শুধু সংলাপের কথা বলছে। আলোচনার জন্য তাদের কোনো আন্তরিকতা বা সদিচ্ছা আছে বলে মনে হয় না। যদি সত্যিকার আন্তরিকতা থাকে, তাহলে সরকারের উচিত নির্দলীয় সরকারের বিষয়বস্তু উল্লেখ করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়া। তখন নিশ্চয়ই আমরা সংলাপে বসব। আওয়ামী লীগ ও সরকারের নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে, সংলাপের জন্য তারা বিরোধী দলকে আমন্ত্রণ জানিয়ে কোনো চিঠি না দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বিরোধী দল সংসদে এসে কোনো প্রস্তাব দিলে, সেখানেই এর জবাব দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার। এর বাইরে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে রাজপথে বিরোধী দলের আন্দোলন শক্তহাতে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত রয়েছে সরকারের। অন্যদিকে, বিএনপিসহ ১৮ দলীয় জোটের একাধিক নেতা জানান, কৌশলের লড়াইয়ে তারাও হার মানতে চান না। দাবি মানার লক্ষ্যে সংলাপে বসতে তারা সরকারকে বাধ্য করার প্রস্তুতি নিচ্ছেন। এজন্য রাজপথের আন্দোলনের পাশাপাশি সরকারের ওপর স্থানীয় ও আন্তর্জাতিক কূটনৈতিক চাপ প্রবল করার কথা বলছেন বিরোধী জোট নেতারা।