নির্বাচন বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক হবে বলে আশা করি

আপডেট : ২৬ মে ২০১৩, ২৩:১৫
সফররত যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারমেন আশা প্রকাশ করেছেন বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু বিশ্বাসযোগ্য ও সবার অংশগ্রহণমূলক হবে। বাংলাদেশ একটি সক্রিয় ও কার্যকর গণতন্ত্রের দেশ। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিতীয় অংশীদারিত্ব সংলাপে যোগ দিতে ওয়েন্ডি শারমেন রবিবার দুপুরে ঢাকা আসেন। বিকালে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সোয়া ঘন্টা ধরে বৈঠক করেন। পরে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে অগ্রসরমান একটি দেশ। আঞ্চলিক ও বৈশ্বিকভাবে নেতৃত্ব দিচ্ছে এদেশটি। বাংলাদেশে কার্যকর গণতন্ত্র দেখে আমরা খুশি। আগামী নির্বাচন সুষ্ঠু হবে—এটা আমরা নিশ্চিতভাবে আশা করি। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের প্রতিবাদ তুলে ধরার ও সমাবেশ করার অধিকার আছে। আমাদের দেশেও নিশ্চিতভাবে এ ব্যবস্থা রয়েছে। কিন্তু সহিংসতা কোনভাবেই গণতান্ত্রিক ব্যবস্থায় গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওয়েন্ডি শারমেন বলেন, রানা প্লাজা ও তাজরিন গার্মেন্টস ট্রাজেডির পর আমরা গভীরভাবে শোকাভিভূত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বাংলাদেশে কঠিন সময় পার করছে। বাংলাদেশকে এসব সমস্যা সমাধানে আমরা সহায়তা দেব। সরকারও পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিচ্ছে। ওয়েন্ডি শারমেন পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে সাক্ষাত্ করেন। আজ দুই দেশের অংশীদারিত্ব সংলাপের আনুষ্ঠানিক পর্ব অনুষ্ঠিত হবে। বিকালে স্থানীয় একটি হোটেলে সংলাপের অংশ হিসাবে একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। সংলাপের প্রথম দিনে গতকাল দুই দেশের কর্মকর্তাদের অংশগ্রহণে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ত্রাস নিয়ন্ত্রণ, বাণিজ্য ও বিনিয়োগ, সুশাসন ও উন্নয়ন বিষয়ে এ বৈঠকে দুই দেশের কর্মকর্তারা যোগ দেন।