রাজধানীতে গতকাল রবিবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের মধ্যে সীমাবদ্ধ ছিল। ঘটেনি কোন সহিংস ঘটনা। রাজপথে ছিল না কোন পিকেটিং। সড়কগুলোতে ছিল প্রচুর রিকশাসহ সিএনজি চালিত অটোরিকশা। এছাড়াও চলাচল করেছে বেশ কিছু প্রাইভেটকার, বিআরটিসি বাসসহ গণপরিবহন। অনেক এলাকায় দোকানপাটও ছিল খোলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচলের সংখ্যাও বাড়তে থাকে। তবে নগরীর চারটি টার্মিনাল থেকে দূরপাল্লার কোন বাস ছাড়েনি। লঞ্চ ও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সতর্ক অবস্থায়। প্রধান সড়কগুলোতে ছিল পুলিশ ও র্যাবের সশস্ত্র টহল। অপরদিকে নাশকতায় জড়িতদের তাত্ক্ষণিক সাজা দিতেছিল ভ্রাম্যমাণ আদালত।
হরতাল চলাকালে যাত্রাবাড়ি ও ফার্মগেট এলাকা থেকে মোট ১৯টি ককটেলসহ পুলিশ ৬ জনকে গ্রেফতার করে। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির কোন নেতা-কর্মীকে দেখা যায়নি। কলেজ গেট এলাকায় ভোর সাড়ে ৬টায় কে বা কারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা পালিয়ে যায়। মিরপুর মাজার রোডে সকাল ৭টায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের হয়। এ সময় তারা কয়েকটি যানবাহন ভাংচুর করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। শ্যামলীর আদাবরে সকাল ৭টা ৪৫ মিনিটে হরতালের সমর্থনে মিছিল বের হয়। মিছিল থেকে ৭টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ এসে ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হরতালের সমর্থনে দারুস সালাম থানা যুবদল গতকাল সকাল ৮টার দিকে একটি মিছিল বের করে। মিছিলটি দারুস সালাম পুলিশ ফাঁড়ি এলাকা প্রদক্ষিণের সময় পিকেটাররা একটি সিএনজি অটো রিকশা ভাংচুর করে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তারা দ্রুত পালিয়ে যায়। এছাড়া বিমানবন্দর এলাকায় একটি সিএনজি অটোরিকশা ভাংচুর করা হয়। হরতালে জামায়াত কর্মীরা সকালের দিকে নগরীর উত্তরা, আজিমপুর, বাড্ডা ও যাত্রাবাড়িসহ বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল বের করে।
এদিকে দারুস সালাম থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সকাল ১০টায় হরতালবিরোধী একটি মিছিল বের করে। মিছিলটি গাবতলী থেকে শুরু হয়ে আমিনবাজার-টেকনিক্যাল প্রদক্ষিণ করে। ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের নেতৃত্বে সকাল সাড়ে ১০টায় হরতালবিরোধী মিছিল কাজীপাড়া-শেওড়াপাড়া এলাকা প্রদক্ষিণ করে। এছাড়াও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ইলিয়াস আলী মোল্লার নেতৃত্বে পল্লবী এলাকা থেকে হরতালবিরোধী মিছিল বের হয় ।
