কুমিল্লা বার্ডের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আপডেট : ২৬ মে ২০১৩, ২৩:১৬
কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে বার্ড কর্তৃপক্ষ বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। ১৯৫৯ সালের এই দিনে আন্তর্জাতিক সমাজ বিজ্ঞানী ড. আখতার হামিদ খান বার্ড প্রতিষ্ঠা করেন। বার্ডের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ একাডেমি মিলনায়তনে সেমিনারসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে—সেমিনার, পুনর্মিলনী, মিলাদ মাহফিল, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে কোটবাড়ি এলাকায় ১৫৬ একর জমিতে বার্ড প্রতিষ্ঠা করা হয়। পল্লী উন্নয়নের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৬ সালে এই প্রতিষ্ঠান স্বাধীনতা পুরস্কার লাভ করে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বার্ড একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পল্লী উন্নয়নে কাজ করে যাচ্ছে। বার্ড সূত্র জানায়, বিশ্বজুড়ে খ্যাতনামা এ প্রতিষ্ঠানে বর্তমানে প্রশাসনিক জনবল রয়েছে ৩৬৫ জন। বার্ডের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মীর কাসেম বলেন, সরকারের ‘দিন বদলের সনদ’ ও ‘রূপকল্প ২০২১’ এবং একই সাথে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যগুলোকে প্রাধান্য দিয়ে বার্ডে পরিচালনা করা হচ্ছে বিভিন্ন কার্যক্রম। জাতীয় ও আন্তর্জাতিক তথা বিশ্বায়নের প্রেক্ষাপটকে সামনে রেখে আরো বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। বার্ডের ভেতরে নয়নাভিরাম রাস্তা দিয়ে সামনে এগিয়ে গেলে দুই পাহাড়ের মাঝে দেখা যায় অনিন্দ্য সুন্দর বনকুটির। দেশের বিশিষ্টজনরা কুমিল্লায় আসলে বার্ডের এই স্থানগুলো দেখে যান। বার্ডের ভেতরে রয়েছে নীলাচল পাহাড়। নির্জন প্রকৃতিতে অকৃত্রিম ভাল লাগার জায়গা হচ্ছে নীলাচল। আপনজনদের নিয়ে আসা পর্যটকরা এখানে একান্তে সময় কাটান। বছরের সব সময় সারা দেশ থেকে আসা পর্যটকদের ভিড় এখানে লেগেই থাকে।