যশোরের নাভারনে খুলনাগামী কমিউটার ট্রেনের সাথে একটি চাল বোঝাই ট্রাকের সংঘর্ষে একজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। রবিবার দুপুর সোয়া ১টার দিকে ত্রিমোহিনী কলোনিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেনাপোল থেকে যাত্রী বোঝাই কমিউটার ট্রেনটি খুলনা যাওয়ার পথে নাভারন শ্যামলাগাছী রেল ক্রসিং অতিক্রম করছিল। এ সময় চাউল বোঝাই একটি ট্রাক দক্ষিণ দিক থেকে এসে ওই ক্রসিং অতিক্রমের চেষ্টা করে। ট্রাকটি ট্রেনের একটি বগিতে আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে উদ্ধার তত্পরতা শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর ৫ জনকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে বেলা ৩টার দিকে একজন মারা যান। তার পরিচয় পাওয়া যায়নি।
আহত যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন: রাশেদ (৫০), খুলনার দীপক বিশ্বাস (৪৫), রিমি (৫), তনিমা (৫), যশোরের শাহিনুর (২৫), বেনাপোলের রাসেল (২৬), বাগেরহাটের মংলা এলাকার সুরেশ রায় (৩৮), গোপালপুরের বিস্টার (৩২), সুফিয়া, বেনাপোল দুর্গাপুরের মলয় বিশ্বাস, আনারুল এবং লাউজানির আজিম।
