আজ সজল খালেদের স্ত্রী নেপাল যাচ্ছেন

আপডেট : ২৬ মে ২০১৩, ২৩:১৮
নিহত পর্বতারোহী সজল খালেদের স্ত্রী তাহমিনা খান শৈলী আজ সোমবার বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইটে করে নেপাল যাচ্ছেন। আজ সকাল ১০টায় তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। এদিকে সজল খালেদের মরদেহ উদ্ধারে জন্য গতকাল রবিবার শেরপার দল ডেথ জোনে পৌঁছেছে বলে নেপালের বাংলাদেশ দূতাবাস জানায়। সজলের মরদেহ গতকাল সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তারা চিহ্নিত করতে পারেনি। তবে তার বহন করা ব্যাগটি খুঁজে পেয়েছেন বলে শেরপারা জানিয়েছেন। শেরপারা আশংকা করছেন, তুষারপাতে তার মরদেহ ঢেকে যেতে পারে। এদিকে সজলের স্ত্রী শৈলীর সাথে নেপালের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন পারিবারিক বন্ধু উলফাত কাদির, মো. জাকারিয়া বেগ, খালিদ আশ্রাফ গিনি, সিফাত ফামিদ ইতি। এভারেস্ট চূড়া জয় করে ফেরার পথে গত ২০ মে সোমবার মারা যান খালেদ। সরকারি ব্যবস্থাপনায় ও আর্থিক সহায়তায় তার মরদেহ উদ্ধার অভিযান শুরু হয়। উদ্ধারকারী শেরপার দল গত শুক্রবার দিবাগত রাতে উদ্ধার অভিযানে যাত্রা শুরু করে । সজলের ব্যাগ নিয়ে গতকাল সন্ধ্যায় চতুর্থ ক্যাম্পে ফিরে আসার কথা জানিয়েছেন নেপালে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার শামীমা চৌধুরী। তিনি বলেন, বিশ্রাম নিয়ে আজ সোমবার ভোর নাগাদ তারা আবার যাত্রা শুরু করবেন। আবহাওয়া খারাপ না হলে ৩০ মের মধ্যে তার মরদেহ নিচে নামিয়ে আনা সম্ভব হবে।