অন্য গ্রহের মেহজাবিন

আপডেট : ২৭ মে ২০১৩, ১৯:২৭
স্বপন আহমেদের পরিচালনায় এ দেশের প্রথম সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘পরবাসিনী’র এডিটিং প্যানেলে গিয়ে এর মূল নায়িকা মেহজাবিন নিজেই নিজেকে চিনতে পারেননি। কারণ ছবির অধিকাংশ কাজই ভিএফএক্সএর। ছবিতে মেহজাবিন পৃথিবীর বাইরে অন্য এক গ্রহের বাসিন্দার চরিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে ছবিটির বেশ কিছু সিক্যুয়েন্সের কাজ শেষ হয়েছে। খুব শিগগিরই ছবির গানের শুটিং এর জন্য পুরো ইউনিট দেশের বাইরে রওনা হবেন। নতুন চলচ্চিত্র প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘আমি খুব লাকি যে একটি সত্যিকার অর্থেই ডিফরেন্ট চলচ্চিত্রের মাধ্যমে আমার চলচ্চিত্রে অভিষেক হচ্ছে। এই ছবির কারণে এর ভেতরে বেশ কটি চলচ্চিত্রের অফার এলেও আমি তাতে রাজি হইনি।’ ‘পরবাসিনী’তে মেহজাবিনের চরিত্র প্রসঙ্গে পরিচালক স্বপন আহমেদ বলেন, ‘আসলে আমার ছবির সম্পাদনার কথা ভেবেই বিভিন্ন জায়গায় শুটিং করছি। কিন্তু এডিটিং টেবিলে পুরো দৃশ্যই হয়তো বদলে যাচ্ছে। প্রতিটা ফ্রেম চূড়ান্ত করতে প্রায় কয়েক ঘণ্টা লেগে যায়। তবে ‘পরবাসিনী’তে মেহজাবিনকে যেভাবে আমি উপস্থাপন করেছি, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই মেহজাবিনকে এর আগে দর্শকেরা দেখেননি। তবে এ ধরনের ছবিতে অভিনয় করতে গেলে বিরাট ধৈর্যের পরীক্ষা দিতে হয়। আমার সমস্ত কলাকুশলী যথেষ্ট কেয়ার নিয়ে ছবিতে কাজ করছেন।’