শেয়ারবাজারে সূচক বাড়লেও লেনদেন দুইশ’ কোটির নিচে

আপডেট : ২৭ মে ২০১৩, ২০:১৭
টানা তিন কার্যদিবস দরপতনের পর গতকাল সোমবার শেয়ারবাজারের সূচক ও লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। লেনদেন বাড়লেও তা দুইশ’ কোটি টাকার নিচেই হয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সূচক বাড়লেও লেনদেন দুইশ’ কোটি টাকার কম হওয়ায় বিনিয়োগকারীরা আশাবাদী হতে পারছেন না। তারা বলছেন, আগামী বাজেটে শেয়ারবাজারের জন্য ইতিবাচক পদক্ষেপ নেয়া হলে তা বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ফিরতে পারে বিনিয়োগকারীদের আস্থা। যা শেয়ারবাজারের উন্নয়নে বড় অবদান রাখতে পারে। ডিএসই’র তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৬৪ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৭৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৮ পয়েন্টে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৮৭ কোটি ৪২ লাখ ৭২ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ২২ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৭৪টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ২৪৫টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, পতনমুখী প্রবণতা দিয়ে সপ্তাহ শুরু হলেও গতকাল কিছুটা ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার। তবে লেনদেনের পরিমাণ আশাব্যঞ্জক নয়। গতকাল লেনদেনের ১৫ দশমিক ৬৬ শতাংশ হয়েছে ফার্মাসিউটিক্যালস খাত ঘিরে। এরপরই অবদান পোশাক খাতের। এ খাত ঘিরে লেনদেন হয়েছে ১১ দশমিক ১৮ শতাংশ। আর দাম বাড়ার ক্ষেত্রে গতকাল এগিয়ে ছিল জীবন বীমা খাত। এ খাতের শেয়ারের দাম বেড়েছে প্রায় ২ দশমিক ৭২ শতাংশ। এছাড়া নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, পোশাক খাত এবং জীবন বীমা খাতও দাম বাড়ার ক্ষেত্রে এগিয়ে ছিল।