পানি বৃদ্ধি পাওয়ায় ব্রহ্মপুত্র-যমুনা-তিস্তা নদ-নদী বেষ্টিত গাইবান্ধার চার উপজেলার ৪২টি হাট-বাজারের প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। কমেছে চরাঞ্চলের প্রায় সাড়ে তিন লাখ মানুষের যাতায়াতের দুর্ভোগ।
সম্প্রতি বৃষ্টি ও পাহাড়ী ঢলে জেলার নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি পাওয়ায় সাঘাটা উপজেলার ভরতখালি, হলদিয়া, সাঘাটা, জুমারবাড়ি, হাটবাড়ি, দিঘলকান্দি, মুন্সির হাটখোলা, কচুয়াহাট, ফুলছড়ি উপজেলার গুণভরি, ফজলুপুর, ফুলছড়ি, এরেন্ডাবাড়ি, নিশ্চিন্তপুর, মদনেরপাড়া, সদর উপজেলার পৌর ব্রীজ, পুরান বাজার, কামারজানি বন্দর, গিদারী, মৌলভী বাজার, সুন্দরগঞ্জের পৌর বাজার, চন্ডিপুর-পাঁচপীর, কাপাসিয়া, লালচামার হাট-বাজারে চরাঞ্চলের লোকজন তাদের পণ্য বেচা-কেনা করতে আবারও নৌকা যোগে ভিড় করছেন। অথচ এবার ফাল্গুন-চৈত্র মাসের দিকে পানি শূন্য হয়ে পড়ে এই তিনটি নদী। এতে চরবাসীর যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ে। পোহাতে হয় চরম দুর্ভোগ।
ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ সরকার জানান, নদীতে পানি না থাকলে ফুলছড়ি উপজেলার কোন কোন চরের মানুষ তাদের উত্পাদিত পণ্য কেনা-বেচার জন্য ২০ থেকে ২৫ কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে মূলভূমির হাট-বাজারে যাতায়াত করেন। নদীগুলো ভরাট হয়ে যাওয়ায় চরের মানুষের এই দুর্ভোগ ক্রমান্বয়েই বাড়ছে। এজন্য তিনি নদী খনন বা নদী শাসনের উদ্যোগ নেয়া প্রয়োজন বলে জানান।
