সৈয়দপুরে নির্মিত হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত কোচ

আপডেট : ২৭ মে ২০১৩, ২০:৩০
দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় আবারও সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত একটি অত্যাধুনিক রেলকোচ নির্মাণ করা হয়েছে। কারখানার ক্যারেজ হেভি রিহেবিলিটেশন শপে (সিএইচআর) ওই মিটার গেজ লাইনের কোচটি রেলবহনে সংযোজনের জন্য আউটটার্ন করা হয়েছে। এর নকশাও তৈরি করেছেন কারখানায় কর্মরত প্রকৌশলীরা। শ্রমিকরা কারখানায় নিয়মিত মেরামত কাজের বাইরে অতিরিক্ত শ্রম দিয়ে বিশ্বমানের ওই কোচটি নির্মাণ করে। লোকবল সঙ্কট ও বাজেট সীমাবদ্ধতা সত্ত্বেও এ ধরনের একটি কোচ তৈরি করে বিস্ময়ের সৃষ্টি করেছেন সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিকরা। সিএইচআর শপের উপ-সহকারী প্রকৌশলী (এসএই) সাইফুল ইসলাম জানান, সংশ্লিষ্ট শপের শ্রমিকরা মাত্র ৫০ কার্যদিবসে কোচটি নির্মাণ করেন। একটি জরাজীর্ণ ক্যারেজের অবকাঠামোকে ঘিরে সম্পূর্ণ নতুনরূপে কোচটি নির্মাণ করা হয়েছে। ওই কোচটি দিনাজপুর- ঢাকা পথে চলাচলকারী ঐতিহ্যবাহী আন্তঃনগর ট্রেন একতা এক্সপ্রেসে সংযোজিত হবে। সৈয়দপুর রেলওয়ে কারখানার ওয়ার্কস ম্যানেজার (ডাব্লুএম) কাজী মোহাম্মদ ওমর ফারুক জানান, গত বছর জুলাই মাসে সৈয়দপুর রেল কারখানায় উন্নতমানের শীতাতপ নিয়ন্ত্রিত কোচ নির্মাণ শেষে বের করা হয়েছে। ওই কোচটি ঢাকা- দিনাজপুর রেলপথে চলাচলকারী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেসে সংযোজন করা হয়। নতুন কোচটি আগের চাইতেও অত্যাধুনিক।