আঁধার ঘরে চাঁদের আলো

আপডেট : ২৭ মে ২০১৩, ২০:৩০
চট্টগ্রামে গৃহপরিচারিকার পিতৃহীন দুই কন্যা পেয়েছে গোল্ডেন জিপিএ-৫। নেত্রকোনার দুর্গাপুরের দিনমজুর কন্যা পলি আক্তার চিন্তিত তার ভবিষ্যত নিয়ে। সাদুল্লাপুরের তিতাস কুমার সরকার ভাল ফলাফল করেও ভুগছেন হতাশায় । দিনমজুর বাবা-মা ও এলাকাবসীর মুখে হাসি ফুটিয়েছে গৌরিপুরের মিঠুন। সিংড়ার রিক্সাচালকের ছেলে রাজু আহমেদ পেয়েছে গোল্ডেন জিপিএ-৫। এসব মেধাবী মুখের খবর তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ও সংবাদদাতারা। চট্টগ্রাম স্কুলের আয়া ও গৃহপরিচারিকা রহিমা বেগমের দুই মেয়ে আকলিমা আকতার ও রাবেয়া আকতার পেয়েছে গোল্ডেন জিপিএ-৫। তারা চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। পিতৃহীন দুই কন্যাকে রহিমা অত্যন্ত কষ্ট করে পড়ালেখা করিয়েছে। মেয়ে দু’টি গোল্ডেন জিপিএ-৫ পেলেও ভবিষ্যতে তাদের লেখাপড়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ গৃহপরিচারিকা মায়ের পক্ষে তাদের কলেজে ভর্তি করিয়ে লেখাপড়ার খরচ চালানো একেবারে অসম্ভব। সমাজের বিত্তবানদের মেয়ে দু’টির সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়েছেন দরিদ্র মা রহিমা। গৌরীপুর (ময়মনসিংহ) দিনমজুর পিতার অভাবের সংসারে ঠিকমত যেখানে দু’বেলা দু’মুটো খাবার জুটে না সেখানে লেখাপড়া করা ও ভালো রেজাল্ট করা যেন দুঃস্বপ্ন। সেই দুঃস্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে মিঠুন। সে চলতি বছর এসএসসি (কারিগরি) পরীক্ষায় গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে মেশিন টুলস অপারেশন বিভাগে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায়। কিন্তু তার বাবা মোঃ আমজাদ আলী পেশায় একজন দিনমজুর। তাই নিজের ভবিষ্যত নিয়ে শংকিত মিঠুন। তারপরও ভাল কোন কলেজে পড়ে স্বপ্ন পূরণ করতে চায় মিঠুন। দুর্গাপুর (নেত্রকোনা) দুর্গাপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এর ছাত্রী পলি আক্তার মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। দিনমজুর বাবাকে কাজ না পেয়ে অনেক দিনই বেকার থাকতে হয়। তবে সব বাধাকে পেছনে ফেলে সফলতাকে ছিনিয়ে এনেছে সে। এজন্য স্কুলের প্রধান শিক্ষিকা গুলশান আরা বেগমসহ সকল শিক্ষকদের প্রতি পলি কৃতজ্ঞ। ভবিষ্যত পলি বিচারক হতে চায়। কিন্তু দারিদ্র্য তার চলার পথে বড় বাধা। সাদুল্লাপুর (গাইবান্ধা) উপজেলার ভাতগ্রামের তিতাস কুমার সরকার গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা ভাতগ্রামের এক কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক। তার এই সামান্য আয়েই সংসার চলে। সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়। কিন্তু বড় ভাইয়ের লেখাপড়ার খরচ জোগাতেই বাবাকে জোড়াতালি দিয়া সংসার চালাতে হয়। এরপর তিতাসের লেখাপড়ার খরচ দিবেন কোথা থেকে। এসব ভাবনায় তিতাস হতাশায় ডুবে যায়। সিংড়া (নাটোর) উপজেলার ভাগনাগরকান্দি গ্রামের হতদরিদ্র রিক্সা চালক আব্দুল কাদের আলীর ছেলে রাজু আহমেদ এবারের এসএসসি পরীক্ষায় জোড়মল্লিকা নিংগইন উচ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। দারিদ্র্যতার কষাঘাতে তিনবেলা ঠিকমত খাবার জোটেনি। প্রায় রাজুকে না খেয়ে স্কুলে যেতে হয়েছে। দু’ভাই বোনের মধ্যে রাজু বড়। কুপির আলোতে পড়ালেখা করে আলোকিত হয়েছে রাজু। নিজস্ব জায়গা জমি কিছুই নেই। ছেলে ভালো ফলাফল করেছে শুনে চিন্তা আরও বেড়ে গেছে। কিভাবে ছেলেকে উচ্চ শিক্ষা দিবেন সে চিন্তায় অস্থির তিনি। ভাল কোন কলেজে পড়ালেখা করে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে চায় রাজু। কিন্তুু দরিদ্র রিক্সা চালক বাবার পক্ষে অর্থ যোগান সম্ভব নয়। এজন্য রাজু দেশবাসীর কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা চেয়েছেন।