মহাসেনের তাণ্ডবে পটুয়াখালীর ছয়শ’ শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত

আপডেট : ২৭ মে ২০১৩, ২০:৩১
পটুয়াখালীতে ঘূর্ণিঝড় মহসেনের তাণ্ডবে জেলার ৫৮১টি শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ২০৮টি শিক্ষা প্রতিষ্ঠান ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৭৩টি । টাকার অংকে এর ক্ষতির পরিমাণ কমপক্ষে ১৫ কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, জেলা শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যানুযায়ী এই ঘূর্ণিঝড়ে সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দেখানো হয়েছে ৬৪৪ টি। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান গ্রীষ্মের ছুটি থাকার কারণে সমস্যার বাস্তবতা অনুভূত না হলেও আগামী ৯জুন শুরু হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা। এ অবস্থায় ঘূর্ণিবিধ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা পড়েছেন বেকায়দায়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার সবচেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে কলাপাড়া উপজেলায় ২৬০টি। এর মধ্যে ৯৭টি স্কুল, মাদ্রাসা ও কলেজ সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬৩ টি শিক্ষা প্রতিষ্ঠান। ৯২ টি স্কুল, মাদ্রাসা ও ৫টি কলেজ সম্পূর্ণ বিধ্বস্ত এবং ১০ টি কলেজসহ ১৬৩ টি স্কুল-মাদ্রাসা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, বাউফলে ৫২ টি সম্পূর্ণ ও ৯টি আংশিক, রাঙ্গাবালীতে ৫৬ টি সম্পূর্ণ ও ১৩ টি আংশিক, দশমিনায় ২ টি সম্পূর্ণ ও ১১টি আংশিক, দুমকিতে সম্পূর্ণ ১টি ও ২৩টি আংশিক, বাউফলে ৪০টি আংশিক, মির্জাগঞ্জে ১২টি আংশিক এবং সদর উপজেলায় ১২টি শিক্ষা প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার জানান, ঘূর্ণিঝড় মহাসেনে জেলার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রাথমিক তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে।