সোনারগাঁওয়ে বালু উত্তোলনের ড্রেজারসহ আটজন আটক

আপডেট : ২৭ মে ২০১৩, ২০:৩১
সোনারগাঁওয়ের মেঘনা নদীর নুনেরটেক বালু মহালে ইজারা ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৮ শ্রমিক, ড্রেজার ও বাল্কহেড আটক করে থানায় নিয়ে আসে। জানা গেছে, দীর্ঘদিন যাবত্ উপজেলার মেঘনা নদীর চর-রমজান সোনাউল¬া-৪নং পয়েন্ট নলচর, নুনেরটেক ও রামপ্রসাদের চর থেকে মেঘনা থানার মেসার্স জালাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাকির প্রায় দু’মাস ধরে ইজারা ছাড়াই অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে আসছে। ফলে মেঘনার তীরবর্তী চরাঞ্চলের কৃষি জমিসহ বিভিন্ন গ্রাম হুমকির মুখে পড়ে। এ বিষয়ে স্থানীয়রা বিভিন্ন সময়ে প্রশাসনের দপ্তরে অভিযোগ দাখিল করে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার সকালে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম আল-আমিনের নেতৃত্বে একদল পুলিশ কোষ্ট গার্ডের সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালত নুনেরটেক বালু মহালে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আন্তঃপ্রত্যাশা ড্রেজার-৩, এমভি মেরাজ নামে বাল্কহেডসহ শাহ আলী, রূপচাঁন, সোহাগ, বাবুল, রাশেদ, সোলায়মান, ইসমাঈল ও রিপন নামের আট শ্রমিককে আটক করে। এসময় তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে ৩ মাস করে কারাদণ্ড দেয়।