রবিবার মধ্যরাতে হাতিয়ার পশ্চিমাংশে মেঘনা নদীর তীরবর্তী কালামচরে কোস্টগার্ড ও জলদস্যুদের মধ্যে বন্দুক যুদ্ধে ৪ জলদস্যু গুলিবিদ্ধ হলে তারা পালিয়ে যায়। এসময় জলদস্যুদের লুটকরা ১০টি মাছ ধরা ট্রলার ও অপহূত ৮ মাঝিকে উদ্ধার করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, রবিবার মধ্যরাতে হাতিয়ার মেঘনা নদী থেকে জনদস্যু এমরান বাহিনীর লোকেরা মাছধরা অবস্থায় ১০টি জেলে ট্রলার এবং জেলে বাবুল জলদাস (৫০),কাশেম মাঝি (৪০),নিতাই জলদাস (৪০), মানিক জলদাস (৪২), কামাল মাঝি (৪৫), নবীরউদ্দি (৩২), রবি জলদাস (৩৫) ও জগদীশ জলদাসকে(৫০) অপহরণ করে কালামচরে জলদস্যুদের আস্তানায় নিয়ে যায়।
খবর পেয়ে কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার লে. মোহাম্মদ এনায়েত হোসেনের নেতৃত্বে অভিযান শুরু করলে দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয় এবং ৪ জলদস্যু গুলিবিদ্ধ হলে তারা আস্তানা ছেড়ে পালিয়ে যায়। এসময় জলদস্যুদের লুট করা ১০টি ট্রলার এবং অপহূত ৮ মাঝিকে উদ্ধার করে হাতিয়ায় নিয়ে আসা হয়। পরে ট্রলারগুলো হাতিয়ার স্ব স্ব মালিকীয় জেলেদেরকে বুঝিয়ে দেয়া হয়।
