গাইবান্ধা শহরের স্টেশন রোডের বিশিষ্ট মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বাবুল ও তার পরিবারের পাকা বসতবাড়ি ভেঙ্গে ওয়াল তুলে জমি দখল করে নেয়া হয়েছে। গতকাল সোমবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে সামিউল ইসলাম এ অভিযোগ করেন। তিনি লিখিত বক্তব্যে আরো জানান, ১৯৫৩ সালে ওই ২১ শতক জমি কবলা দলিল মূলে তাদের পিতা মৃত ময়েজউদ্দীন ক্রয় করার পর থেকে সেখানে বসতবাড়ি নির্মাণ করে তারা বসবাস করে আসছেন। হঠাত্ গত ১৬ মে সকাল ১০টার দিকে শহরের অনামিকা লেনের বাসিন্দা আকতারুজ্জামান রাজু ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বসতবাড়িতে অবৈধভাবে প্রবেশ করে। পরে ওই বাড়ির একতলা ভবনের ছাদের অংশসহ প্রস্থে ৫ ফিট ও লম্বায় ৫০ ফিট এবং বাউন্ডারি দেয়ালের অংশ ভেঙ্গে জোরপূর্বক তাদের দখলে নেয়। পরে রাতারাতি ওই অংশে বাউন্ডারি দেয়াল নির্মাণ করে। এসময় বাধা দেয়া হলে তারা আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে কোর্টের আদেশমূলে এখানে দখল নিতে এসেছে বলে দাবি করেন। কিন্তু এসময় তারা কোর্টের কোন প্রকার লিখিত আদেশনামা দেখাতে পারেনি কিংবা এব্যাপারে আদালত থেকে তাদের কোন নোটিসও দেয়া হয়নি বলে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সুলতানউদ্দিন আহমেদ, কোমল কুমার সিংহ, আনিসুল হক দুলু, নজরুল ইসলাম, সাইফুল আলম দুলু, ফজলে রাব্বি, রায়হান কবির সেলিম, খন্দকার মোঃ মুসা, হবিবর রহমান চান্দু প্রমুখ।
