বান্দরবানে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার বান্দরবান জেলা ও দায়রা জজ মো. হেসাইন হেলালের আদালত কাঠ ব্যবসায়ী হুমায়ন কবির চৌধুরীকে অপহরণ এবং হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামী উশৈহ্লা মারমা এবং মংসো খেয়াং নামের দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এদের বাড়ি সদর উপজেলার গুংরু আগাপাড়া এলাকায়। এছাড়াও আদালত আসামিদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। জানা গেছে, ২০০৬ সালের অক্টোবরে গুংরু পাড়া এলাকা থেকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রামপুর গ্রামের কাঠ ব্যবসায়ী হুমায়ন কবিরকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর ব্যবসায়ীকে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িত থাকার দায়ে উশৈহ্লা মারমাকে গ্রেফতার করে পুলিশ। তবে মামলার অপর আসামি মংসা খেয়াং এখনো পলাতক। গ্রেফতারকৃত আসামি আদালতে হুমায়ন কবিরকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করে।
