কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সদরে মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজে পাঠদান চলে খোলা আকাশের নিচে। বিদ্যালয় আঙ্গিনায় চৈত্রের দুপুরে রোদে পাঠদান করছেন শ্রেণী শিক্ষক মো. মোতাহের হোসেন। শ্রেণীকক্ষ সংকটে এভাবে রোদে ক্লাস করতে হয়। বৃষ্টি এলেই ছুটি দিতে বাধ্য হয়। শিক্ষার্থীরা জানালেন, গত ১ বছর ধরে এভাবে চলছে বিদ্যালয়ের পাঠদান। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। স্কুলের সব মিলিয়ে প্রায় ১২শ’ শিক্ষার্থী অধ্যয়ন করে।
এই স্কুলে ১৯ জন শিক্ষকের মধ্যে ১৬ জন কর্মরত রয়েছেন। ৩টি শূন্য পদে নিয়োগ না হওয়ায় শিক্ষক সংকটে পাঠদানও ব্যাহত হচ্ছে। গত ২ বছর আগে বিদ্যালয় পরিদর্শনে এসে স্থানীয় সংসদ সদস্য মো. তাজুল ইসলাম শিক্ষার্থীদের দুর্ভোগ জেনে ১টি ভবন নির্মাণের আশ্বাস দেন। সে মোতাবেক মডেল প্রকল্পের আওতায় ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট থেকে বরাদ্দ হয় একটি ভবন। কিন্তু ঠিকাদারের গাফিলতির কারণে দেড় বছরেও ভবনটির নির্মাণ কাজ শুরু হয়নি। এ বিষয়ে মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিন জানান, অবকাঠামো নির্মাণে বার বার যোগাযোগ করেও আশারবাণী ছাড়া বাস্তবে আলোর মুখ দেখেনি বিদ্যালয় ভবন। মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি সামছুল আলম ফিরোজ ইত্তেফাককে জানান, শ্রেণীকক্ষ সংকটে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।
