মানিকগঞ্জে জাতীয় কবির জন্মবার্ষিকী

আপডেট : ২৭ মে ২০১৩, ২০:৩৩
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসন ও শিবালয় নজরুল-প্রমীলা ইনস্টিটিউট পৃথক কর্মসূচি পালন করেছে। জানা গেছে, কবিপত্নী প্রমীলার জন্মস্থানখ্যাত শিবালয়ের তেওতা গ্রামে নজরুলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সকাল ১০টায় মানিকগঞ্জ অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা ৭টায় তেওতা জমিদার বাড়ির মাঠে জেলা প্রশাসক মো. মাসুদ করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক। ঢাকার জেনেসিস থিয়েটারের শিল্পীরা নুর হোসেন রানা পরিচালিত ও মাহমুদুল্লাহ রচিত ‘দামাল ছেলে নজরুল’ নাটক মঞ্চস্থ করে। শিল্পরথের সদস্যরা নজরুলের কবিতা আবৃত্তি করেন। নুর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সুনিল কর্মকার, ডলি আক্তার তৃষা সঙ্গীত পরিবেশন করেন। অন্যদিকে শিবালয়ের আরিচায় বিউটি বিড়ি ফ্যাক্টরি প্রাঙ্গণে নজরুল-প্রমীলা ইনস্টিটিউটের সভাপতি বাবুল আক্তার মঞ্জুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি মো. ইসহাক মিয়া।