দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চীন জার্মানি বৈঠক

আপডেট : ২৭ মে ২০১৩, ২১:০৪
বার্লিন সফররত চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মারকেলের সাথে রবিবার বৈঠক করেছেন। কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো জোরালো করতেই বৈঠকে একমত হয়েছেন দুই নেতা। খবর সিনহুয়ার। চীনা প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরালো হলে শুধুমাত্র চীন এবং জার্মানিই উপকৃত হবে না, এটা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে চীনের সম্পর্কের উন্নয়ন ঘটাবে যা কিনা সমগ্র বিশ্বের সাথে চীনের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে দেবে। লি বলেন, অর্থনীতি চাঙ্গা করতে বর্তমানে শিল্পায়ন, নগরায়ন এবং কৃষিক্ষেত্রে আধুনিকায়নে বিভিন্ন ধরনের পদক্ষেপের কথা চিন্তাভাবনা করছে চীন। চীন জার্মানি নগরায়ন অংশীদারিত্বের মাধ্যমে একসাথে কাজ করে কার্বন মুক্ত পরিবেশ বান্ধব শহর গড়ে তোলার জন্য এঙ্গেলার প্রতি আহবান জানান লি। চীনা প্রধানমন্ত্রী বলেন, আমি ক্ষমতা গ্রহণের পর ইউরোপের প্রথম দেশ হিসাবে জার্মান সফরে এসেছি। চীনের নতুন সরকার ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সাথে সম্পর্ক উন্নয়নে সবসময় সচেষ্ট থাকবে। সম্প্রতি টেলিকমিনিকেশন ও সোলার এনার্জিখাতে ইউরোপিয়ান ইউনিয়নের নেয়া সিদ্ধান্তের বিরোধিতা করে চীন। এরপর থেকে চীনের পক্ষ থেকে ইউরোপিয়ান ইউনিয়নকে বোঝানোর চেষ্টা চলছে। চীন দাবি করছে, ইইউ’র এমন সিদ্ধান্তে বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হবে চীন। লি এসব বিষয়ে ইইউ’র মনোভাব পরিবর্তনে মারকেলের হস্তক্ষেপ কামনা করেন। জবাবে মারকেলের পক্ষ থেকে জানানো হয়, চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জার্মানি বরাবরই আন্তরিক। বিশ্ব প্রেক্ষিতে চীন একটি বড় নাম এবং জার্মানি সব সময় চীনকে গুরুত্বের সাথে বিবেচনা করে। দুই দেশের সম্পর্ককে আরো গভীর করতে সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত জার্মান সরকার। ইইউ’র সাথে চীনের সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, আমরা আশা করবো চীন এবং ইউরোপিয়ান ইউনিয়ন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে। দুই পক্ষ এমন কোন ধরনের কাজ করবে না যাতে সমস্যা বাড়ে বরং সংলাপের মাধ্যমে উভয় পক্ষই যাতে লাভবান হয় এমন সিদ্ধান্তে উপনীত হবে।