মিয়ানমারের প্রায় ২শ’ কোটি ডলারের ঋণ মওকুফের পাশাপাশি রবিবার দেশটির জন্য নতুন করে উন্নয়ন সাহায্যের প্রতিশ্রুতি ঘোষণা করেছে জাপান। মিয়ানমারে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সফরকালে এ ঘোষণা দেয়া হয়। আবে মিয়ানমারের জন্য নতুন করে ৫০ কোটি ডলারের উন্নয়ন সহায়তার প্রতিশ্রুতি দেন এবং দেশটির ১শ’৭৪ কোটি ডলারের ঋণ মওকুফ করেন। গত বছর টোকিও মিয়ানমারের ৩শ’ কোটিরও বেশি ঋণ মওকুফ করে। এবার আরো ঋণ মওকুফের ঘোষণা দিয়ে মিয়ানমারের বিপুল অঙ্কের ঋণের বোঝা কমালো জাপান। আর উন্নয়ন সহায়তা হিসাবে ঘোষিত তহবিল জাপান দিচ্ছে মিয়ানমারের অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুত্ কেন্দ্র রক্ষণবেক্ষণের মতো কর্মসূচির জন্য। ১৯৭৭ সালের পর কোনো জাপানি প্রধানমন্ত্রীর এই প্রথম মিয়ানমার সফর।
