প্রতীক বরাদ্দের পর সিলেটে নির্বাচনী হাওয়া জোরদার

আপডেট : ২৭ মে ২০১৩, ২১:৩৭
প্রার্থীদের মধ্যে গতকাল সোমবার প্রতীক বরাদ্দের পর সিলেটে নির্বাচনী হাওয়া আরও জোরদার হয়ে উঠেছে। সিটি কর্পোরেশন নির্বাচনে সিলেটে তিন মেয়র ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৫ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৩৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। সোমবার বেলা ১১টায় সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার এমএম এজহারুল হক প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। মেয়র প্রার্থীদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং নাগরিক কমিটি ও ১৪ দল সমর্থিত বদর উদ্দিন আহমদ কামরান (আনারস) , কেন্দ্রীয় বিএনপির সদস্য, সম্মিলিত নাগরিক জোট ও ১৮ দল সমর্থিত সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরী-টেলিভিশন ও স্বতন্ত্র প্রার্থী সালাহ উদ্দিন রিমন পেয়েছেন-তালা প্রতীক। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মেয়র প্রার্থীরা তাদের পছন্দ অনুসারে প্রতীক পেয়েছেন। এ ছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৫ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৩৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। ঘোষিত তফশিল অনুযায়ী ভোটগ্রহণ ১৫ জুন। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা প্রচারণায় নেমে পড়েছেন। সোমবার দুপুরে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান প্রচারণা শুরু করেন। এ সময় কামরান বলেন, ‘‘আনারস প্রতীক প্রাপ্তির মাধ্যমে আমার প্রাথমিক বিজয় হয়েছে।’’ তিনি বলেন, ‘‘দরগাহে আসার পথে মানুষের স্বত:স্ফূর্ততা দেখেছি, মনে হচ্ছে, আবারও মেয়র নির্বাচিত হবো।’’ উল্লেখ্য বিগত ২০০৮ সালের নির্বাচনে তার প্রতিক ছিল আনারস। বিকালে ভাতালিতে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করার কথা কামরানের। অপর প্রতিদ্বন্দ্বি আরিফুল হকের প্রধান নির্বাচনী কার্যালয় হিসাবে জিন্দাবাজারের শ্যামলী কমিউনিটি সেন্টারকে প্রস্তুত করা হয়েছে। প্রতীক বরাদ্দ শেষে নির্বাচনী হাওয়া আরও জোরদার হয় উঠেছে। প্রার্থীরা এখন প্রকাশ্যে সভা করছেন, জনসংযোগ করছেন। ১৮ দলীয় বলয়ের চার প্রার্থী তাদের মনোনয়নপত্র তুলে নিলে আরিফুল হকের ঘরের ঝামেলা এ পর্যায়ে চুকেছে বটে। শেষ পর্যন্ত কি হবে তা বুঝতে হয়তো আরো ক‘দিন সময় লাগবে। অবশ্য তাদের কয়েকজন বলেছেন দলের মনোনীত প্রার্থীর পক্ষেই তারা মাঠে নামবেন। অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থকরা ভেবেছিলেন বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের একাধিক প্রার্থী মাঠে থাকলে কামরানের পথ হবে সুগম—আর এমন গুটিও নাকি চলছিল বেশ কিছুদিন। শেষ পর্যন্ত কামরান সমর্থকদের আশায় ‘গুড়ে বালি’ । তবে গত দু‘টার্মে পর পর মেয়র ও কুড়ি বছর ধরে জনপ্রতিনিধির দায়িত্বপালনকারী কামরান নির্বাচনে ভীত নয়। তার বিশ্বাস এ শহরের মানুষ তাকে মনে-প্রাণে ভালোবাসেন। বদর উদ্দিন কামরান হেট্রিকের পথে”- এমন মন্তব্যও করেছেন একাধিক সমর্থক। সিসিক নির্বাচনে মেয়র পদে তিন জনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে কামরান-আরিফের মধ্যে। এর আগেও অনেকে ভেবেছিলেন বিএনপি যদি একক প্রার্থী দিতে পারে তা হলে কামরানের সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে হাড্ডা-হাড্ডি। ‘‘দীর্ঘ বঞ্চনা থেকে মানুষ এখন নতুন নগর পিতা দেখতে চায়, ”এই মন্তব্য করে আরিফুল হকের সমর্থকরা বলেন ‘‘আরিফ ছিলেন নগর উন্নয়ন কমিটির সভাপতি। তার মাধ্যমেই সাবেক অর্থমন্ত্রী এম.সাইফুর রহমান সিলেটে অনেক উন্নয়ন কাজ করেছেন-এ সব দৃশ্যমান। বিশেষ করে এবার পরিবর্তনের হাওয়া বইছে। আর সেটি আরিফের পক্ষে।