খালেক - তালা
মনি - আনারস
মধু - দোয়াত কলম
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে প্রতীক পেয়েই মাঠে নেমে পড়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বিশেষ করে গতকাল সোমবার তিন মেয়র প্রার্থী আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন তাদের নির্বাচনী প্রচার-প্রচারণা। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক তালা, বিএনপি সমর্থিত ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনি আনারস এবং জাতীয় পার্টি (জাপা) সমর্থিত নাগরিক উন্নয়ন কমিটির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু দোয়াত-কলম প্রতীক পেয়েছেন। এ তিন মেয়র প্রার্থী প্রত্যাশিত প্রতীক পেয়েই নেমে পড়েন প্রচারাভিযানে। সকাল সাড়ে ৯টায় নগরীর জিয়া হলে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক সকাল সাড়ে ৯ টায় জিয়া হল থেকে ‘তালা’ প্রতীক নিয়ে নগরীর রয়্যাল মোড়ে যান। সেখানে তিনি সম্মিলিত নাগরিক কমিটির নির্বাচনী কার্যালয় ও নিজ নামে নির্বাচনী ওয়েব সাইট উদ্বোধন করেন। পরে তিনি নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মওলার বাড়ি-মতলেবের মোড় এলাকা থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। এ সময় তিনি এলাকাবাসীর কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
১৮ দল সমর্থিত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান মনি সকাল সাড়ে ৯ টায় পছন্দের ‘আনারস’ প্রতীক নিয়ে জিয়া হল থেকে বের হন। পরে সকাল ১১টায় তিনি নগরীর ডাকবাংলা ফেরিঘাট মোড় থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। তিনি খানজাহান আলী রোড থেকে ফারাজীপাড়া ফুল মার্কেট পর্যন্ত রাস্তার দু’ধারের ব্যবসায়ী ও বাসিন্দাদের সাথে হাত মেলান এবং দোয়া ও ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি নগর ভবনকে দুর্নীতি ও দলীয়করণ মুক্ত করে নগরবাসীর প্রত্যাশিত সেবা দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রচারণাকালে তার সাথে মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপি, সাবেক এমপি সৈয়দা নার্গিস আলীসহ ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে, জাতীয় পার্টি (জাপা) সমর্থিত নাগরিক উন্নয়ন কমিটির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধুও সকাল সাড়ে ৯ টায় পছন্দের ‘দোয়াত-কলম’ প্রতীক নিয়ে জিয়া হল থেকে বের হয়ে সরাসরি বাগেরহাটে পীর খানজাহান আলীর (রা.) মাজার জিয়ারত শেষে তিনি বিকাল ৫টায় নগরীর ৩১ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এদিকে, গতকাল সোমবার বিকাল ৫টা পর্যন্ত সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের মধ্যেও প্রতীক বরাদ্দ দেয়া হয়। এরমধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৩০টি ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮টি প্রতীক বরাদ্দ দেয়া হয়।
রিটার্নিং অফিসার মোস্তফা ফারুক জানান, গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় নগরীর জিয়া হলে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। প্রার্থীরা নিজ নিজ হলফনামায়ও এ প্রতীক চেয়েছিলেন। এবারের নির্বাচনে মেয়র পদে একই প্রতীকের একাধিক দাবিদার না থাকায় ১৮টি প্রতীক বরাদ্দ থাকলেও তিন প্রার্থী তাদের প্রত্যাশিত প্রতীক পেয়েছেন। তবে কাউন্সিলর প্রার্থীদের ক্ষেত্রে কয়েকটি ওয়ার্ডে নির্ধারিত প্রতীকের বিপরীতে একাধিক প্রার্থী থাকায় তা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়।
মনির সমর্থনে ৩০২ সদস্যের ঐক্যবদ্ধ নাগরিক ফোরাম
বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনির সমর্থনে জাতীয়তাবাদী নাগরিক ফোরামের পরিবর্তে ‘ঐক্যবদ্ধ নাগরিক ফোরাম’ নামে ৩০২ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে নাগরিক মতবিনিময় সভায় এই কমিটি গঠন করা হয়।
কেসিসি’র প্রথম মেয়র শেখ সিরাজুল ইসলামকে কমিটির আহবায়ক এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি সরদার মোঃ ইউনুসকে সদস্য সচিব এবং প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট করা হয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনাকে। এছাড়া প্রবীণ রাজনীতিবিদ এম নুরুল ইসলামকে প্রধান উপদেষ্টা করে ১৯ সদস্যের উপদেষ্টা পরিষদ ১৩টি উপ-কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সার্বিক তদারকির দায়িত্ব পালন করবেন মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপি। ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের মতবিনিময় সভায় মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনিকে মেয়র পদে জয়যুক্ত করতে নগরবাসীর প্রতি আহবান জানানো হয়।
