গাজীপুর সিটি নির্বাচন

মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ শুরু

আপডেট : ২৭ মে ২০১৩, ২১:৩৮
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। গতকাল সোমবার মেয়র পদে ৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২০২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। গতকাল সকালে জেলা বিএনপি নেতা ও কাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত হোসেন সরকার মেয়র পদে রিটার্নিং অফিসার মোঃ মতিয়ার রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহের পূর্বে তিনি গাজীপুর প্রেসক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের জানান, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের প্রভাবশালী এক নেতার সমর্থনপুষ্ট হয়ে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন। তিনি দলীয় সমর্থন পাবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। গতকাল সোমবার মেয়র পদে সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম ও জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী ব্রিগেডিয়ার (অবঃ) কাজী মাহমুদ হাসান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া রবিবার সচেতন নাগরিক পরিষদের নেতা মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন আহমেদ মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন। সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করতে ভিড় করছেন সম্ভাব্য মেয়র, সাধারণ কাউন্সিল ও মহিলা কাউন্সিলর প্রার্থীরা। গতকাল সোমবার বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহকালে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, স্টিকার, লিফলেট অপসারণ করা হয়েছে মর্মে অঙ্গীকারনামা নেয়া হচ্ছে প্রার্থীদের কাছ থেকে।