গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম নিজেকে সম্মিলিত নাগরিক কমিটি সমর্থিত মেয়র প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছেন। সোমবার সকালে জেলা শহরের বঙ্গতাজ মিলনায়তনে আহূত এক সংবাদ সম্মেলনে তিনি নিজেকে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা দেন। গাজীপুর শহর আওয়ামী লীগের সভাপতি ও সম্মিলিত নাগরিক কমিটি গাজীপুর সিটির আহবায়ক অ্যাডভোকেট মোঃ ওয়াজউদ্দিন মিয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লা মন্ডল, নূরুল ইসলাম ভাওয়াল রত্ন, আওয়ামী লীগ নেতা অধ্যাপক সিদ্দিকুর রহমান, মহিউদ্দিন মহি, ফজলুর রহমান, কলিম উদ্দিন চেয়ারম্যান, আনোয়ার হোসেন, অধ্যাপক আশরাফুল আলম আসকার, মোঃ শাহীন প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মেয়র পদে আওয়ামী লীগের দুই প্রার্থী এ্যাডভোকেট মোঃ ওয়াজউদ্দিন মিয়া ও আতাউল্লা মন্ডল সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলমের প্রতি তাদের সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তারা জনগণের মতামত ও চাহিদার প্রেক্ষিতে এবং মানুষের সার্বিক উন্নয়নের জন্য নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে জাহাঙ্গীরের প্রতি সর্বাত্মক সমর্থন ও সহযোগিতার ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম জানান, আমি সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হলে নগর পিতা নয়, জনগণের সেবক হিসাবে কাজ করে যাব। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি আধুনিক ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে চান। অপরদিকে, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের পক্ষ থেকে টঙ্গী পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমতউল্লাহ খানকে গত রবিবার দলীয় সমর্থন দেয় আওয়ামী লীগ। গতকাল সোমবার আওয়ামী লীগের অপর প্রার্থী গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম সম্মিলিত নাগরিক কমিটির ব্যানারে তার প্রার্থিতা ঘোষণা করেন।
