কানাডার ক্যালগেরি শহরে গত রবিবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের প্রখ্যাত কবি মহাদেব সাহার সংবর্ধনা অনুষ্ঠান। ‘হয়ে উঠি নতুন মানুষ’ শিরোনামের এই অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল ক্যালগেরির প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক সংগঠন আনন্দ। সায়মন ভ্যালি ইউনাইটেড চার্চে আয়োজিত অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলন মেলায়। দুই ঘণ্টাব্যাপী এই সাংস্কৃতিক আয়োজনে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, লোকগীতি এবং নৃত্য পরিবেশনার পাশাপাশি মহাদেব সাহা রচিত ‘বৈশাখে নিজস্ব সংবাদ’, ‘শান্তির গান’ এবং আরো কিছু বিখ্যাত কবিতা আবৃত্তি করেন আনন্দের শিল্পীরা। অনুষ্ঠানের এক পর্যায়ে কবিকে ফুল দিয়ে মঞ্চে স্বাগত জানান সংগঠনের সাধারণ সম্পাদক নাজনীন নেওয়াজ। এসময় তিনি বলেন, মহাদেব সাহার কবিতা বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। কবির উপস্থিতি আমাদের আনন্দর অনুষ্ঠানকে আরো আনন্দমুখর করে তুলেছে। এ সময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন কবিপত্নী নীলা সাহা, পুত্র তীর্থ, পুত্রবধূ তানিয়া এবং পৌত্রী ঋতচেতা।
কবি তার বক্তব্যে বলেন, পৃথিবীর অপর প্রান্তে ক্যালগেরির বাঙালিদের সংস্পর্শে এসে মনে হচ্ছে, আমি যেন বাংলাদেশেই আছি। ক্যালগেরির প্রবাসীরা বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতিকে আগলে ধরে আছে যা বাংলাদেশেরই গর্ব। অনুষ্ঠান শেষে দীর্ঘক্ষণ অসংখ্য মানুষ কবির সঙ্গে আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন।
