কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল সোমবার দুপুরে বাস ও সিএনজি বেবিটেক্সির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডলি রিসোর্টের সামনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রামগামী তিশা পরিবহনের যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে মহাসড়কের ডলি রিসোর্টের সামনে বিপরীত দিক থেকে আসা চৌদ্দগ্রামগামী একটি সিএনজি বেবিটেক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি রাস্তার পাশের গর্তে পড়ে যায়। ঘটনাস্থলে সিএনজি বেবিটেক্সি যাত্রী পৌর এলাকার দক্ষিণ নোয়াপাড়ার ইউসুফ আলী খোকনের মেয়ে ইভা (১) নিহত হয়। আহতদের মধ্যে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে ইভার মা শারমিন আক্তার (২২) ও করপাটি গ্রামের সোনা মিয়ার ছেলে প্রবাসী মুন্না (৩৬) মারা যায়।
