বর্তমানে বিরোধী দলের নেতা-কর্মীরা রাজনীতি সংশ্লিষ্ট মামলায় নিম্ন আদালত থেকে জামিন পাচ্ছেন না। কোনো কোনো ক্ষেত্রে ঢালাওভাবে জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। এমনকি উচ্চ আদালত থেকে জামিন পেলেও নিম্ন আদালতে জামিনের ধারাবাহিকতা থাকছে না। অসুস্থ, বয়স্ক বা সংসদ সদস্যের জামিন পাওয়ার বিশেষ অধিকার থাকলেও নিম্ন আদালতে সেই অধিকারও লংঘিত হচ্ছে।
এদিকে, উচ্চ আদালত থেকে জামিন পেলেও বিরোধী দলের নেতাদের মুক্তি মিলছে না। মুক্তি পাওয়ামাত্রই জেলগেটে তাদের অন্য মামলায় শ্যোন এরেষ্ট দেখানো হচ্ছে। এক্ষেত্রে বেশিরভাগ সময়েই দেখা যাচ্ছে, সাদা পোশাকের পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, কি মামলায় কোথায় নেয়া হচ্ছে তাও জানা যায় পরে। মামলার এজাহারে নাম না থাকলেও শুধুমাত্র পুলিশের একটি প্রতিবেদনের ভিত্তিতে নিম্ন আদালত ঢালাওভাবে আসামিকে কারাগারে আটক রাখার নির্দেশ দিচ্ছে।
গত এক মাসে কেন্দ্রীয় নেতাসহ দুই শতাধিক নেতা-কর্মীকে কারাফটকে আটক করে অন্য মামলায় পুনরায় জেলে ভরেছে পুলিশ। ফলে উচ্চ আদালতের নেয়া জামিনও অকার্যকর হয়ে পড়েছে। দেশের বিভিন্ন থানায় প্রায় দশ হাজার মামলায় বিরোধী দলের কয়েক লাখ নেতা-কর্মী হয় কারাগারে না হয়, ফেরার জীবন কাটাচ্ছে।
বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে লন্ডন থেকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়ে উঠেছে সরকার। দুর্নীতি দমন কমিশন (দুদক) রবিবার এরকম আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে। মানহানি ও সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার দায়েরকৃত মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারকে গতকাল সোমবার ঢাকার একটি আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। ওই মামলায় এম কে আনোয়ার হাইকোর্ট থেকে দুই সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ার পর তিনি নিম্ন আদালতে হাজির হয়ে নতুন করে জামিন চান। সাধারণত উচ্চ আদালত থেকে কেউ জামিনে থাকলে উচ্চ আদালতের প্রতি সম্মান দেখিয়ে জামিনের সেই ধারাবাহিকতা রক্ষা করা হয়। কিন্তু ম্যাজিষ্ট্রেট এম কে আনোয়ারের জামিনের আবেদন সরাসরি নাকচ করে দেন। এম কে আনোয়ার বর্তমানে ৮১ বছরের বয়োবৃদ্ধ। তিনি দীর্ঘকাল মন্ত্রিপরিষদ সচিব এবং বিএনপির বিগত দুই মেয়াদেই ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। একাধিকবার এমপি নির্বাচিত হয়েছেন। বর্তমানেও তিনি সংসদ সদস্য। সংসদের অধিবেশন বসছে আগামী ৩ জুন। ইতিমধ্যে বিরোধী দল থেকে সংসদে যোগদানের কথা জানানো হয়েছে। একজন সংসদ সদস্য হিসেবে জামিন পাওয়ার বিশেষ অধিকার সংরক্ষণ করেন তিনি। এছাড়া বয়স্ক এবং অসুস্থ এই দুই বিবেচনাতেও জামিন পাওয়ার অধিকার তার রয়েছে। এ ধরনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধিতে এবং উচ্চ আদালতের রায়ে জামিনের নির্দেশনা রয়েছে। কিন্তু ম্যাজিষ্ট্রেট কোনো বিবেচনাতেই এম কে আনোয়ারের জামিনের বিষয়টি বিবেচনা করেননি।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি, মির্জা আব্বাস, গযেশ্বর চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ শীর্ষ নেতাদের জামিনের আবেদনও ম্যাজিষ্ট্রেট আদালত থেকে নাকচ হয়েছে। ইদানীং বিরোধী দলের নেতাদের জামিনের আবেদন ঢালাওভাবে নাকচ হচ্ছে। পাশাপাশি রিমান্ডে পাঠানোর ক্ষেত্রেও যথাযথ নির্দেশনা অনুসরণ করছে না নিম্ন আদালত।
এর আগে ১৫১ জন নেতা-কর্মী ম্যাজিষ্ট্রেট আদালতে জামিনের আবেদন করলেও একজনের ক্ষেত্রেও জামিন মেলেনি। এসব জামিনের আদেশে ম্যাজিষ্ট্রেটের বিচারিক পর্যালোচনায় ত্রুটি রয়েছে বলে আইন বিশেষজ্ঞরা অভিমত দিয়েছেন। তারা বলেছেন, কোনো মামলায় সব আসামি সমান অপরাধী নয়। অনেকের বিরুদ্ধে অপরাধের তেমন উপাদান নেই, শুধুমাত্র এজাহারে নাম রয়েছে এই বিবেচনায় জামিন নাকচ হতে পারে না।
ফৌজদারি কার্যবিধির ৪৯৬ ও ৪৯৭ ধারায় পুলিশ ও ম্যাজিষ্ট্রেটকে কিভাবে জামিন দিতে হবে তার নির্দেশনা রয়েছে। ৪৯৬ ধারায় বলা হয়েছে, ‘জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি ব্যতীত কোন ব্যক্তি কোন থানার ভারপ্রাপ্ত অফিসার কর্তৃক বিনা ওয়ারেন্টে গ্রেফতার হইলে বা আটক থাকিলে বা আদালতে হাজির হইলে বা তাকে হাজির করা হইলে সে যদি উক্ত অফিসারের হেফাজতে থাকিবার সময় বা উক্ত আদালতের কার্যক্রমের কোন পর্যায়ে জামানত দিতে প্রস্তুত থাকেন, তাহলে তাকে জামিনে মুক্তি দিতে হইবে। তবে শর্ত থাকে যে, উক্ত অফিসার বা আদালত উপযুক্ত মনে করিলে তাহার নিকট হইতে জামানত গ্রহণের পরিবর্তে সে অতঃপর বর্ণিতভাবে হাজির হইবার জন্য জামিনদার ব্যতীত মুচলেকা সম্পাদন করিলে তাহাকে মুক্তি দিতে পারিবেন।’ আইনের এইরূপ স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও নিম্ন আদালত বিরোধী দলের নেতাদের জামিন পাওয়ার অধিকারকে খর্ব করেছে।
জামিন অযোগ্য বিধানেও আদালত চাইলে যে কোনো ব্যক্তিকে জামিন দিতে পারে। ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারায় এই নির্দেশনা রয়েছে। তবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কোনো অপরাধে দোষী সাব্যস্ত হবেন, এই মর্মে আদালত নিশ্চিত হলে তাকে জামিনে মুক্তি দেয়া যাবে না। বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে রাজনীতি সংশ্লিষ্ট যেসব মামলা দেয়া হয়েছে সেসব মামলায় তাদের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার কোনো সুযোগ নেই। তা সত্ত্বেও নিম্ন আদালতে তাদের জামিন মিলছে না।
সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আব্দুল্ল¬াহ আল নোমান, যুগ্ম-মহাসচিব আমান উল্যাহ আমান, রিজভী আহমেদ, মোহাম্মদ শাহজাহান ও সালাহউদ্দিন আহমেদ, সাবেক এমপি ডা. দেওয়ান সালাহউদ্দিন মো. বাবু, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বরকতউল্ল¬াহ বুলু এমপিসহ অসংখ্য কেন্দ্রীয় নেতা, যারা বিভিন্ন সময়ে মন্ত্রী এবং সংসদ সদস্য ছিলেন তাদের কেউই ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পাননি। অন্যদিকে, অনেক কাঠখড় পুড়িয়ে উচ্চ আদালত থেকে তারা জামিন পেলেও পুলিশ কারাফটকে তাদের পুনরায় আটক করছে।
গত ১৮ মে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বিএনপির ৫৩ জন নেতা-কর্মী জামিনে বেরিয়ে আসার পর পুলিশ পুনরায় তাদের আটক করে। বিএনপির কোনো কোনো নেতার বিরুদ্ধে ৫০টিরও বেশি মামলা দিয়েছে পুলিশ। এরমধ্যে যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে ৭৮টি ও শিবিরের সভাপতি দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ৪৩টি মামলা দেয়া হয়েছে। এভাবে মামলার জালে আটকানো হচ্ছে বিরোধী দলের নেতা-কর্মীদের।
বিস্ফোরকদ্রব্য আইনে রাজধানীর পল্টন থানায় দায়েরকৃত মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্যাহ আমান ও মোহাম্মদ শাহজাহান এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেনকে গত ১৬ মে ছয় মাসের জামিন দেয় হাইকোর্ট। পরে তিনজনকেই ফের কারাফটক থেকে আটক করে পুলিশ। কোনো মামলা ছাড়াই গত ১৫ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হবার পর বরকত উল্লাহ বুলু এমপিকে আটক করে নিয়ে যায় পুলিশ। পরে তাকে মামলায় জড়ানো হয়। কিছুদিন আগেই কারামুক্ত হবার পর তিনি ফের গ্রেপ্তার হন। সহসা মুক্তি না পেলে তিনিও সংসদের আসন্ন অধিবেশনে যোগ দিতে পারবেন না। এর আগে সব মামলায় জামিনের পর গত ৮ মে রাতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তির পরপরই কারাফটক থেকে গ্রেপ্তার করা হয় মোয়াজ্জেম হোসেন আলালকে। এর আগে ২ মে হাইকোর্ট আলালসহ বিএনপির ৬ নেতাকে ৬ মাসের জামিন দেয়।
গত ৫ মে হেফাজত ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচির দিন পল্টন-মতিঝিল এলাকায় সহিংসতার ঘটনায় পরদিন রাতে ১৬টি মামলা দেয় পুলিশ। এসব মামলার একেকটিতে আসামি হিসেবে নিম্নে ৬ জন থেকে সর্বোচ্চ ২৪৭ জনকে আসামি করা হয়। হেফাজতের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতা, বিএনপি, জামায়াত ও দল দুটির বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকেও আসামি করা হয়। এসব মামলায় অজ্ঞাতনামা লক্ষাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব মামলার মধ্যে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহানকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় ২৪৭ জন আসামির মধ্যে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীসহ সংগঠনটির শীর্ষ নেতাদের ছাড়াও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী সোহেল, সাধারণ সম্পাদক সরাফত আলী ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম, বিএনপির সহছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দীন (টুকু), ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভুঁইয়াসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২০ জন নেতাকে আসামি করা হয়। আর জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ এমপি, রফিকুল ইসলাম, শফিকুল ইসলামসহ (মাসুদ) জামায়াত-শিবিরের ৪৬ জন নেতাকে আসামি করা হয়।
এভাবে বিরোধী জোটের নেতা-কর্মীদের মামলার জালে আটকানো, জেলে ঢোকানো, উচ্চ আদালত জামিন দিলেও নিম্ন আদালতে তার ধারাবাহিকতা না থাকা এবং মুক্তি পেলেও কারাফটক থেকে ফের আটকের ঘটনা সম্পর্কে ফৌজদারি আইন বিশেষজ্ঞ এডভোকেট শরফুদ্দিন খান মুকুল বলেন, কোন মামলায় কোন ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর পর ওই ব্যক্তি যদি জামিন পান তাহলে তাকে অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখাতে হলে আদালতের আদেশের মাধ্যমে গ্রেপ্তার দেখাতে হবে। এক্ষেত্রে কোর্ট থেকে একটি কাস্টডি ওয়ারেন্ট কারাগারে যাবে। এডভোকেট মুকুল বলেন, কোন মামলায় কোন আসামি যদি জামিন নিয়ে জেল থেকে বেরিয়ে যান তখন সে আর গ্রেপ্তার নেই। সে মুক্ত মানুষ। তখন তাকে গ্রেপ্তার দেখাতে হলে অন্য মামলায় দেখাতে হবে। এক্ষত্রে আগে থেকেই অন্য মামলায় আদালতের আদেশের মাধ্যমে গ্রেপ্তার দেখাতে হবে। তিনি বলেন, আদালতের আদেশ ছাড়া কোন ব্যক্তিই কারাগারে যাওয়ার সুযোগ নেই। আদালতের আদেশ ব্যতীত পুলিশ কাউকে কারাগারে পাঠাতে পারে না। যদি পাঠায় সেটি হবে বেআইনি।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্ল¬াহ আল মামুন বলেন, কারাফটক থেকে কোন আসামিকে পুলিশ গ্রেপ্তার করে কোর্টের আদেশ ব্যতীত পুনরায় কারাগারে পাঠাতে পারে না। তখন ওই আসামিকে পুলিশ নিজেদের কাস্টডিতে নিয়ে থাকে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে পুলিশ আইন কানুনের তোয়াক্কা করছে না।
