প্রার্থীদের প্রতীক বরাদ্দ

আপডেট : ২৭ মে ২০১৩, ২২:৪০
আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয় গতকাল সোমবার। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা প্রার্থীদের হাতে তাদের নির্বাচনী প্রতীক তুলে দেন। সিলেটে মেয়র পদে নাগরিক কমিটি ও ১৪ দল সমর্থিত প্রার্থী সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বরাদ্দ পান আনারস প্রতীক। প্রতিদ্বন্দ্বী সম্মিলিত নাগরিক জোট ও ১৮ দল সমর্থিত প্রার্থী সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরী পেয়েছেন টেলিভিশন, স্বতন্ত্র প্রার্থী সালাহ উদ্দিন রিমন পেয়েছেন তালা প্রতীক। রাজশাহীতে মেয়র পদে নাগরিক কমিটি মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এএইচ এম খায়রুজ্জামান পেয়েছেন তালা। নাগরিক ফোরাম ও বিএনপি সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন আনারস, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন চশমা প্রতীক। খুলনায় মেয়র পদে সম্মিলিত নাগরিক কমিটির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তালুকদার আব্দুল খালেক পেয়েছেন তালা। বিএনপি সমর্থিত নাগরিক ফোরামের প্রার্থী মনিরুজ্জামান মনি পেয়েছেন আনারস, জাতীয় পার্টি (জাপা) সমর্থিত নাগরিক উন্নয়ন কমিটির প্রার্থী শফিকুল ইসলাম মধু পেয়েছেন দোয়াত-কলম। বরিশালে মেয়র পদে ১৪ দল সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরন পেয়েছেন টেলিভিশন প্রতীক। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী নাগরিক সমাজ-এর মেয়র প্রার্থী আহসান হাবিব কামাল পেয়েছেন আনারস প্রতীক। অন্যদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হক খান মামুন দোয়াত কলম প্রতীক বরাদ্দ পান। চার সিটি কর্পোরেশনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ নিয়ে বিস্তারিত প্রতিবেদন পড়ুন পৃষ্ঠা-৫ এ।