ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলা-দেশের (টিআইবি ) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান পদ্মা সেতু সম্পর্কে বলেন, সরকারের এক ধরনের মানসিকতার কারণে জনগণ পদ্মা সেতু থেকে বঞ্চিত হয়েছে। এখন সরকার বলছে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হবে। তা হলে আগেই করা হলো না কেন। বিশ্ব ব্যাংকের কাছে কেন আমরা নাজেহাল হলাম, অবশ্যই এর জবাবদিহি করতে হবে। পাশাপাশি নিজস্ব অর্থায়নে যদি হয়ই সেই অর্থ যে সূত্র থেকেই আসুক তার দায়বদ্ধতাও নিশ্চিত করতে হবে। গতকাল সোমবার ঝালকাঠিতে বাংলাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন, স্থানীয় পর্যায়ে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্যে এবং পরে মিডিয়ার সাথে তিনি এসব কথা বলেন।
সকাল ১০টায় ঝালকাঠির একটি কমিউনিটি সেন্টারে টিআইবির জেলা শাখার সভাপতি লালমিয়া এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন, সনাকের ঝালকাঠি শাখার সহ-সভাপতি হেমায়েত উদ্দিন হিমু প্রমুখ। সভায় ঝালকাঠির সাংবাদিক, আইনজীবী, সমাজকর্মী, শিক্ষক, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে তাদের মতামত ব্যক্ত করেন।
