বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশ থেকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনের প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে ছাত্রদল বিক্ষোভ মিছিল, ভাংচুর ও যানবাহনে অগ্নিসংযোগ করেছে। মতিঝিলে ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে কয়েকটি গাড়ি ভাংচুর ও একটি বাসে আগুন ধরিয়ে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ছাত্রদল মিছিল বের করলে কাঁটাবন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পুলিশ ৮ ছাত্রদল কর্মীকে গ্রেফতার করে। মহাখালীতে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল শাখার নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে ৫/৬টি গাড়ি ভাংচুর করে। নারায়ণগঞ্জে ছাত্রদলের মিছিলে পুলিশ লাঠিচার্জ করলে ১২ জন আহত হয়। এসময় ছাত্রদল নেতা-কর্মীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
এদিকে, ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিএনপি’র দলীয় সংসদ সদস্যরা গতকাল সোমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন। সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়ার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, নাজিম উদ্দিন আহমেদ, শেখ সুজাত মিয়া, হাফিজুর রহমান, লুত্ফুর রহমান, নিলোফার চৌধুরী মনি, শাম্মী আক্তার, রেহানা আক্তার রানু ও গোলাম মোস্তফা।
মতিঝিল: পৌনে একটার দিকে মতিঝিল থানাধীন কমলাপুর এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি আরামবাগ এলাকা দিয়ে যাওয়ার সময় আল-হেলাল পুলিশ বক্সের পাশে দাঁড়িয়ে থাকা হানিফ পরিবহনের একটি বাসে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় ছাত্রদল কর্মীরা। এর কিছুক্ষণের মধ্যে ফকিরাপুল কাঁচাবাজারের সামনের সড়কে পরপর ৭টি ও এজিবি কলোনির কাঁচাবাজার সংলগ্ন চার রাস্তার মোড়ে আরো ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় এজিবি কলোনিতে অবস্থানরত একটি প্রাইভেটকার ভাংচুর করে মিছিলকারীরা। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখার সভাপতি হিরুর নেতৃত্বে সকাল সাড়ে ১০ টার দিকে নীলক্ষেত এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি কাঁটাবনের দিকে যাওয়ার সময় পুলিশের বাধার সম্মুখীন হয়। এসময় পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ মিছিল থেকে রিজভী, সুজন, শ্যামল, আরিফ, জুয়েল, লিটন, রাজ ও ফয়সাল নামে ৮ ছাত্রদল কর্মীকে গ্রেফতার করে। পরে তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের জামিন দেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় : গতকাল সকালে থেকেই পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল বের করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে ধোলাইখাল এলাকায় মিছিল থেকে ১টি প্রাইভেটকার ও ৩টি লেগুনাসহ কমপক্ষে ৭টি গাড়ি ভাংচুর করে তারা। এর আগে সকাল ১০টার দিকে লক্ষ্মীবাজার এলাকায় বিক্ষোভ মিছিল থেকে দুটি প্রাইভেটকার, ৪টি হিউম্যান হলার ও একটি সিএনজিসহ ৮-১০টি গাড়ি ভাংচুর করা হয়। বংশাল থানার ওসি কুদ্দুস ফকির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এসব ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। সন্দেহভাজনদের ধরতে অভিযান চলছে।
মিরপুর : বেলা একটার দিকে মিরপুর থানা যুবদলকর্মীরা মিরপুর ছয় নম্বর এলাকায় মিছিল বের করে একটি বাসে আগুন ও বেশ কয়েকটি গাড়িতে ভাংচুর চালায়।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় : গতকাল সকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মহাখালী-বাড্ডা: সকাল ১১টার দিকে মহাখালী পুলিশ বক্সের সামনে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল শাখা একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা দুটি প্রাইভেটকার ও একটি ৬ নম্বর বাসে ভাংচুর চালায়। পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পৌনে ১টার দিকে মহাখালীর ওয়্যারলেস গেটে তার দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তখনও তারা দু’টি গাড়িতে ভাংচুর চালায়। সকাল সাড়ে ১০টার দিকে বাড্ডা এলাকায় ঝটিকা মিছিল থেকে ছাত্রদল ও শিবির নেতাকর্মীরা তিনটি গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটনায়। ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করে পুলিশ।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জে সোমবার দুপুরে মহানগর ছাত্রদলের বের হওয়া একটি মিছিলে পুলিশের বেধড়ক লাঠিচার্জে অন্তত ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহেদ আহম্মেদের অবস্থা আশঙ্কাজনক। মিছিল থেকে কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটে।
চবি প্রতিনিধি জানান, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে বের করা ছাত্রদলের মিছিলে হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এতে আহত হয়েছে ছাত্রদল নেতা নুরুল হুদা সোহেলসহ ১২ নেতা-কর্মী। আহতরা হলেন, নুরুল হুদা সোহেল, হাসান, জোনায়েদ হোসেন, নিউটন দত্ত, শরীফুল্লাহ সবুজ, আলী আহমদ রকি, সালাহউদ্দিন, শাহাদাত হোসেন, মোহাম্মদ সাহেল, মিজান উদ্দিন, রুহুল আমিন, আরাফাতুল আলম। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চবি প্রক্টর সিরাজ উদদৌল্লা বলেন, ‘ছাত্রদলের উপর হামলার ঘটনায় তদন্ত করে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ঘটনা প্রসঙ্গে চবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রোবায়েত হোসেন নিপুণ সাংবাদিকদের বলেন, ‘ছাত্রদল নেতা-কর্মীরা ক্যাম্পাসে বিশৃঙ্খলা করতে চাইলে ছাত্রলীগ কর্মীরা তাদের বাধা দেয়।’
