একাত্তরে বুদ্ধিজীবী হত্যাসহ মানবতা-বিরোধী অপরাধের অভিযোগে চৌধুরী মুঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের অনুপস্থিতিতে বিচার শুরুর নির্দেশ দিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। গতকাল সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়। আদেশে বলা হয়, চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানকে উপস্থিত হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে তাদের আত্মসমর্পণ করতে বলা হলেও তারা উপস্থিত হননি। পুলিশের প্রতিবেদনে তাদের পলাতক দেখানো হয়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ অনুযায়ী তাদের অনুপস্থিতিতেই বিচার শুরুর নির্দেশ দেয়া যায় বলে ট্রাইব্যুনাল মনে করে। গত ১২ মে পলাতক এই দুই আসামিকে ১০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হতে দুইটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়।
আদেশে আরো বলা হয়, চৌধুরী মুঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের পক্ষে আইনি লড়াই চালানোর জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের দুই জন আইনজীবীকে নিয়োগ দেয়া হলো। তারা হলেন- আবদুস শুকুর খান ও সালমা হাই টুনি। উল্লেখ্য, শুকুর খান এর আগে ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের পক্ষে সরকারের খরচে আইনি লড়াই চালান। আর সালমা হাই টুনিকে নিয়োগ করা হয় বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর মামলা পরিচালনার জন্য।
এর আগে গত ২৫ এপ্রিল পলাতক চৌধুরী মুঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যাসহ ১৬টি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে রাষ্ট্রপক্ষ। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী মুঈনুদ্দিন বর্তমানে যুক্তরাজ্যে একটি দাতব্য সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আশরাফুজ্জামান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন।
এদিকে, একই ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রেখেছে আসামিপক্ষ। গতকাল যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট সৈয়দ মিজানুর রহমান। যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
