‘তারেক রাজনৈতিক আশ্রয়ে আছেন, দেশে পাঠানোর প্রশ্নই ওঠে না’

আপডেট : ২৭ মে ২০১৩, ২২:৪৩
রাজনৈতিক আশ্রয়ে থাকলে কাউকে তার দেশে ফেরত পাঠানো যায় না। তারেক জিয়া বর্তমানে রাজনৈতিক আশ্রয়ে লন্ডনে আছেন। সে কারণে তাকে দেশে ফেরত পাঠানোর প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন ব্রিটিশ ইমিগ্রেশন বিশেষজ্ঞ সলিসিটর বিপ্লব কুমার পোদ্দার। তিনি বলেন, তারেক জিয়া এদেশে (ব্রিটেন) রাজনৈতিক আশ্রয়ে আছেন। ব্রিটিশ সরকার চাইলেও তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে পারবে না। এছাড়া তারেক জিয়ার বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করে ইন্টারপোলের সাহায্য চেয়েছে বাংলাদেশ সরকার, তা বাস্তবসম্মত নয়। গতকাল সোমবার অনলাইন বার্তা সংস্থা বাংলানিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়। গত রবিবার আদালত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়াকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরত আনার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। এ বিষয়ে বিপ্লব পোদ্দার বলেন, চাইলেই ইন্টারপোল রাজনৈতিক আশ্রয়ে থাকা কাউকে গ্রেফতার করে দেশে পাঠাতে পারে না। কারণ, রাজনৈতিক আশ্রয়ে থাকলে ব্রিটিশ আইনে কাউকে তার নিজের দেশে পাঠানোর সুযোগ নেই। তিনি বলেন, ব্রিটিশ সরকার যদি বাংলাদেশ সরকারের অনুরোধ অনুযায়ী ইন্টারপোলের কাছে হস্তান্তর করতে চায়, তাহলে ব্রিটিশ ও ইউরোপীয় আইনে পরিবর্তন আনতে হবে। কারণ, রাজনৈতিক আশ্রয় লাভের আইনের আর্টিকেলের ২, ৩ ও ৬ ধারায় পরিবর্তন আনতে হবে। তারেক প্যারোলে মুক্তি নিয়ে চিকিত্সার জন্য লন্ডন গেছেন এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে, তাহলে তাকে কেন বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক জিয়া যে ভিসা নিয়েই আসুন না কেন, তিনি তো ব্রিটিশ আইন অনুযায়ী রাজনৈতিক আশ্রয়ে আছেন। সুতরাং তাকে বাংলাদেশে পাঠানো সম্ভব হবে না। লন্ডনে বসবাসকারী বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান বলেন, বর্তমান সরকার তারেক জিয়ার প্রতি ঈর্ষান্বিত হয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এটা আইনসম্মত কিংবা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ওয়ান-ইলেভেনের পর তারেক জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো দায়ের করা হয়েছে, তার একটাও প্রমাণ করতে পারেনি সরকার। অপরদিকে, যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফুল ইসলাম বলেন, তারেক জিয়াকে ইন্টারপোলের মাধ্যমে ফেরত নিতে উদ্যোগ নিতে পারে সরকার। তবে তারেক জিয়াও নিজেকে রক্ষার অধিকার রাখেন। তিনি বলেন, লন্ডনে চিকিত্সা নিতে এসে তারেক জিয়া রাজনীতি করছেন। অন্যদিকে, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ বলেন, বাংলাদেশ সরকারের সহযোগিতা ও ব্রিটিশ প্রশাসনের ওপর চাপ সৃষ্টির জন্য আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবো। এর মধ্যে সমাবেশ, মানববন্ধন, স্মারকলিপিসহ অন্যান্য কর্মসূচিও রয়েছে।