বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ডাকাতের সঙ্গে তুলনা করে মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দিয়েছেন, এমন অভিযোগ করায় বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদের বিরুদ্ধে লিগ্যাল নোটিস দেয়া হয়েছে। গতকাল সোমবার তারেক রহমানের পক্ষে তার ব্যক্তিগত আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এ নোটিস দেন। নোটিস প্রাপ্তির ১৫ দিনের মধ্যে হাসান মাহমুদকে তার বক্তব্য প্রমাণ নতুবা প্রত্যাহার করতে বলা হয়েছে। যদি এটি করা না হয় তাহলে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, অন্যথায় তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।
গতকাল সুপ্রিম কোর্টে ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে আয়োজিত এক প্রেস-ব্রিফিংয়ে মন্ত্রীকে এ নোটিস পাঠানোর কথা জানান ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, তারেক রহমান সম্পর্কে মন্ত্রী আপত্তিকর ও অপমানজনক মন্তব্য করেছেন। এতে তারেক রহমান সংক্ষুব্ধ হয়েছেন। দেশে-বিদেশে তার সম্মানহানি ঘটেছে। এ সময় ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
গতকাল সোমবার কুরিয়ার সার্ভিস এস এ পরিবহন ও রেজিস্ট্রি ডাকযোগে মন্ত্রণালয়ের ঠিকানায় পাঠানো নোটিসে বলা হয়, গত ২৫ মে চট্টগ্রামে কমিউটার ট্রেন উদ্বোধনকালে ড.হাছান মাহমুদ তারেক রহমান সম্পর্কে বলেন, ‘বিএনপির শাসনামলে হাওয়া ভবনে বসে লুটপাট আর ডাকাতি করতেন তারেক রহমান।....হাওয়া ভবনের মধ্যমনি দুর্নীতি ও সন্ত্রাসের বরপুত্র তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যত্ প্রধানমন্ত্রী ঘোষণা করে বিএনপি প্রকারান্তরে জানিয়ে দিয়েছে তারা দুর্নীতি ও সন্ত্রাসবান্ধব....।’ নোটিসে বলা হয়, হাছান মাহমুদের এ বক্তব্য অপমানজনক, মিথ্যা, আপত্তিকর ও অসত্য। এতে দেশে ও বিদেশে তারেক রহমানের মানহানি ঘটেছে।
